বিএনপির মন্ত্রিসভায় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা খলিলুর রহমানের যোগ দেওয়া নিয়ে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘খলিলুর রহমানের মন্ত্রী হওয়া প্রমাণ করে যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারে থাকার সময়ও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন।’
একইসঙ্গে নির্বাচনে বড় ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
নতুন সরকারে খলিলুর রহমানের অন্তর্ভুক্তির বিষয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, ‘খলিলুর রহমান যদি বিএনপির সরকারে মন্ত্রী হন, তবে প্রশ্ন উঠবে যে তিনি আগের অন্তর্বর্তী সরকারের সময়ে ওই রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছেন। নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং ও কারচুপির কথা আমরা বলছি, তার প্রমাণ হিসেবে এটি জাতির সামনে উন্মোচিত হচ্ছে।’
নির্বাচনে এনসিপির আসন কমে যাওয়া এবং সরকারি দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়াকে পরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে আমাদের অনেকগুলো আসন হারিয়ে দেওয়া হয়েছে এবং সরকারি দল দুই-তৃতীয়াংশ আসন দখল করে নিয়েছে, যাতে সংবিধান সংস্কার না হয়। পুরো বিষয়টিই একটি বড় ইঞ্জিনিয়ারিং।’







