ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। এটি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পরিবারের মালিকানাধীন।
সোমবার (২৩ নভেম্বর) জারি করা মন্ত্রণালয়ের এক চিঠিতে এই অনুমোদন দেওয়া হয়। গত ২২ নভেম্বর বন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছিল।
চারটি প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত সীমিত দরপত্রে সর্বনিম্ন ৩০ কোটি ১৫ লাখ টাকার দর জমা দেয় এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। এর পরিপ্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে ছয় মাসের জন্য প্রতিষ্ঠানটিকে সিসিটির অপারেটর নিয়োগের অনুমোদন দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথির সই করা চিঠিতে বলা হয়, সিসিটি এলাকায় কনটেইনার ও কনটেইনারজাত পণ্য হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার জন্য সর্বনিম্ন দরদাতা এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডকে ছয় মাসের জন্য অপারেটর নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটি পরিচালনা করছে।
টার্মিনালটি পরিচালনার জন্য চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছিল। এর মধ্যে এভারেস্ট পোর্ট সার্ভিসেস ৩০ কোটি ১৫ লাখ টাকা, বি অ্যান্ড এম-ওশেনিয়া জেভি ৪০ কোটি ৪০ লাখ টাকা, শামীম এন্টারপ্রাইজ (প্রাইভেট) লিমিটেড ৪২ কোটি ৭১ লাখ টাকা এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ৪৪ কোটি ১৮ লাখ টাকার দর প্রস্তাব করে। সে হিসাবে সর্বোচ্চ ও সর্বনিম্ন দরদাতার মধ্যে ব্যবধান প্রায় ১৪ কোটি ৩ লাখ টাকা।
এদিকে মাত্র দুই দিনের মধ্যে দরপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ করায় বন্দর ব্যবহারকারী ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে প্রশ্ন উঠেছে। তারা বলছেন, দরপত্র আহ্বান ও জমার জন্য সময় কম দেওয়ায় আগ্রহী অনেক প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নেওয়ারই সুযোগ পায়নি।
বন্দর কর্তৃপক্ষ টেন্ডারিং মেথড বা সীমিত দরপত্র পদ্ধতিতে সিসিটি পরিচালনার জন্য দরপত্র আহ্বান করে। মঙ্গলবার দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের পর বুধবার পর্যন্ত দরপত্রের শিডিউল কেনার সময় দেওয়া হয়। আর বৃহস্পতিবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন।
শিপ হ্যান্ডলিং অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে ইকরাম চৌধুরী বলেন, সিসিটি পরিচালনায় আগ্রহ জানিয়ে তারা একাধিকবার বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। কিন্তু দরপত্রে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি।
তিনি বলেন, আমরা সিসিটি পরিচালনার আগ্রহ জানিয়ে বন্দর কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিয়েছি। প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও দরপত্রে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এত অল্প সময়ে দরপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ করার কোনো নজির বন্দর কর্তৃপক্ষ দেখাতে পারবে না। নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান বা জোটকে সুবিধা দিতেই দরপত্র প্রক্রিয়া গোপন রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।







