বাংলাদেশের মানুষ বারবার জীবন দিলেও প্রতিবারই একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের অর্জনের সুফল ভোগ করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও বাংলাদেশ প্রত্যাশিত অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্ধি অর্জন করতে পারেনি। এর পেছনে রয়েছে রাজনৈতিক বিভাজন, দুর্নীতি, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহার।
শনিবার (২১ নভেম্বর) ছাত্রশিবির আয়োজিত ‘ও-লেভেল ও এ-লেভেল অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড: গ্র্যান্ড ফ্যালিসিটেশন সিরিমনি ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন,“শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশিত শ্বেতপত্রে ১৫ বছরে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য উঠে এসেছে। সেখানে ২৪০ বিলিয়ন ডলার পাচারের কথা বলা হয়েছে। অথচ বাংলাদেশের আট বছরের বার্ষিক উন্নয়ন বাজেটের মোট পরিমাণও ২৩৪ বিলিয়ন ডলার হয়নি। এত বিপুল অর্থ দেশ থেকে পাচার হওয়া দেশের অর্থনীতির জন্য ভয়াবহ।”
তিনি বলেন,“বাংলাদেশের মানুষ প্রতিবার জীবন দেয়, আর বেনিয়ারা এসে স্বাদ গ্রহণ করে। আমরা দুর্ভাগা একটি জাতি। কোনো একটি শাসনামলে ক্ষমতাসীনরা নিজেদের নিষ্পাপ ও নিষ্কলুষ দাবি করে। কিন্তু ক্ষমতা ছাড়ার পর তাদের শাসনামলের দুর্নীতি ও অনিয়মের চিত্র প্রকাশ পায়।”
স্বাধীনতার পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে ছাত্রশিবির সভাপতি বলেন,“১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল ভিত্তি ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। কিন্তু স্বাধীনতার পর দেশ বারবার সেই আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। তিনি বলেন, স্বাধীনতার পর থানা লুট, সর্বহারা পার্টির উত্থান, বাকশাল প্রতিষ্ঠা, গণমাধ্যমের কণ্ঠরোধ এবং রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো ঘটনা ঘটেছে।”
বাকশাল আমলে রক্ষীবাহিনীর মাধ্যমে হাজার হাজার মানুষ নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন,“১৯৮২ সালে দেশে স্বৈরশাসনের সূচনা হয়। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ১৯৯০ সালে স্বৈরশাসনের অবসান ঘটলেও পরবর্তী সময়ে স্বৈরাচারী শাসকদের রাজনীতিতে পুনর্বাসনের মাধ্যমে দেশকে আবারও বিভাজন ও মেরুকরণের দিকে ঠেলে দেওয়া হয়েছে।”
দেশের স্বাস্থ্যসেবা ও সামাজিক বৈষম্যের চিত্র তুলে ধরে নুরুল ইসলাম সাদ্দাম বলেন,“ক্ষমতাসীনদের মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তিদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে, অসুস্থ হলে চিকিৎসার জন্য বিদেশে যায়। অথচ দেশের সাধারণ মানুষ হাসপাতালগুলোতে ন্যূনতম চিকিৎসাসেবা ও মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে। অর্থের অভাবে অনেক মানুষ মানবেতর জীবনযাপন করছে।”
দারিদ্র্য পরিস্থিতি নিয়ে তিনি বলেন,“স্বাধীনতার ৫৫ বছর পরও বাংলাদেশের প্রায় ছয় কোটি ৪০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। দেশের ব্যাংক ও বীমা খাতও লুটপাটের শিকার হয়েছে। আগে সাধারণ ডাকাতরা মানুষের ঘরবাড়ি লুট করত, আর এখন রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে একশ্রেণির মানুষ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান লুট করছে।”
ব্যাংক খাতের অনিয়মের উদাহরণ দিয়ে তিনি বলেন, “একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে আরেকটি ব্যাংক প্রতিষ্ঠা করা হচ্ছে। পরে সেই ব্যাংকে আমানতকারীদের জমা রাখা অর্থ নিজেদের ও স্বজনদের নামে ঋণ হিসেবে তুলে নেওয়া হচ্ছে। অস্তিত্বহীন প্রতিষ্ঠান ও শিল্পকারখানার নামে ঋণ অনুমোদন করে অর্থ আত্মসাৎ এবং বিদেশে পাচার করা হচ্ছে। এসব অর্থ দেশে বিনিয়োগ করা হলে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারত।”
তিনি বলেন, হুন্ডি ও বিভিন্ন অবৈধ পন্থায় অর্থ বিদেশে পাচার করা হচ্ছে। যে দেশের মানুষ নিজের মাটি, দেশ ও স্বজাতির সঙ্গে প্রতারণা করতে দ্বিধা করে না, সেই দেশের পক্ষে প্রকৃত সমৃদ্ধি অর্জন করা কঠিন। পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করে তিনি এ বিষয়ে বিস্মিত হয়েছেন বলেও উল্লেখ করেন।
বক্তব্যে দেশের রাজনৈতিক বিভাজন, অর্থনৈতিক বৈষম্য, ব্যাংক খাতের দুর্নীতি এবং অর্থ পাচার বন্ধ করে মুক্তিযুদ্ধের মূল চেতনা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন ছাত্রশিবির সভাপতি।







