২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের হাতে ‘শত শত পুলিশ সদস্য নিহত’ এবং ‘এক গর্ভবতী নারী পুলিশ সদস্যকে হত্যা’ করার মতো দুটি দাবি আবারও প্রকাশ্যে তুলে ধরেছেন বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। এই দুটি দাবি আগেই অসত্য ও বিভ্রান্তিকর হিসেবে প্রমাণিত হয়েছে বলে দাবি করেছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট।
গত ২১ নভেম্বর ইউটিউবে প্রকাশিত ২৯ মিনিটের একটি ভিডিওতে ফজলুর রহমান জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, শাহজাদপুরে পুলিশ হত্যা ও গর্ভবতী নারীকে মারার ঘটনা ঘটেছে এবং ‘শত শত পুলিশ নিশ্চিতভাবে নিহত হয়েছে’।
ভিডিওটির ৫ মিনিট ১৭ সেকেন্ড থেকে ফজলুর রহমান বলেন, ‘আমি বলেছিলাম পুলিশের পক্ষ হয়ে এই যে শাহজাদপুরে পুলিশকে হত্যা করলেন, গর্ভবতীর মাকে মেরে ফেললেন, শত শত থানা পুড়িয়ে দিলেন, হাজার হাজার পুলিশ কোথায় গেল জানি না তবে শত শত পুলিশ নিশ্চিতভাবে নিহত হয়েছে। এই যে কাজটা করলেন পুলিশের মায়ের চোখের পানির কি কোন মূল্য নাই? তারা তো অর্ডারের চাকর।’
ওপরের বক্তব্যে ফজলুর রহমানের অন্তত দুটি দাবি ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের প্রতিবেদনে অসত্য বলে প্রমাণিত হয়েছে বলে দাবি দ্য ডিসেন্টের।
দ্য ডিসেন্টের প্রতিবেদন অনুযায়ী, এর আগে ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর ‘দ্য ন্যাশনাল জার্নাল’ নামের একটি ইউটিউব চ্যানেলের ভিডিওতেও ফজলুর রহমান একই ধরনের দাবি করেছিলেন।
পুলিশ সদর দপ্তরের আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যের সংখ্যা ৪৪ জন। ২০২৪ সালের ১৮ আগস্ট পুলিশ সদর দপ্তর প্রথম এই তালিকা প্রকাশ করে। সে সময় পুলিশ সদর দপ্তর স্পষ্ট করে জানায় যে, নিহতের সংখ্যা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং এর বাইরে কারও মৃত্যুর প্রমাণ থাকলে তা সরবরাহ করার আহ্বান জানানো হয়।
এছাড়াও জুলাই আন্দোলনের সময় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় নিহতদের মধ্যে এক গর্ভবতী নারী পুলিশ সদস্য ছিলেন—এমন একটি দাবি শুরু থেকেই সামাজিক মাধ্যমে ছড়ানো হয়। তবে অনুসন্ধান ও ফ্যাক্ট-চেকিংয়ে দেখা গেছে, ওই হামলায় নিহত ১৫ জন পুলিশ সদস্যের তালিকায় কোনো নারী ছিলেন না।
পরবর্তীতে বিবিসি বাংলার এক ভিডিও প্রতিবেদনে এনায়েতপুর থানায় হামলার শিকার ও বেঁচে যাওয়া এক নারী পুলিশ কনস্টেবলের বক্তব্য উঠে আসে। তিনি জানান, হামলার সময় তাকে বাঁচাতে একজন পুলিশ সহকর্মী ও কয়েকজন স্থানীয় তরুণ হামলাকারীদের বলেছিলেন যে, ‘ওর পেটে বাচ্চা আছে’। মারধরের একপর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হলে অনেকে তাকে মৃত ভেবেছিলেন। সেখান থেকেই এই গুজবের জন্ম হয়।







