- খাগড়াছড়িতে নিজ পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিনজনকে শনাক্ত করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। এই হামলার সাথে সরাসরি জড়িতদের পাশাপাশি এর পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ধরনের অগ্নিসন্ত্রাস, হত্যাকাণ্ড, হামলা ও নৈরাজ্যের সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান ডাকসু ভিপি।
- আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
- পোস্টে সাদিক কায়েম উল্লেখ করেন, ‘খাগড়াছড়িতে আমার পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিন সন্ত্রাসীকে শনাক্ত করে উপযুক্ত প্রমাণসহ মামলা করা হয়েছে। এখন হামলাকারী, পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থদাতাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব। আজকের ঘটনাসহ নিষিদ্ধ লীগের প্রতিটি অগ্নিসন্ত্রাস, হত্যাকাণ্ড, হামলা ও নৈরাজ্যের বিচার নিশ্চিত করতে হবে।’
- পরিবারের খোঁজখবর নেওয়া ও দোয়া করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘সকাল থেকে অনেকেই আমার পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন। বিরোধী দলীয় নেতাও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, জামায়াত ও ছাত্রশিবিরের সর্বস্তরের দায়িত্বশীলবৃন্দ, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল ও ছাত্রসংগঠন, ডাকসুসহ বিভিন্ন ছাত্রসংসদের নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবের সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ কৃতজ্ঞতা প্রতিবেশী ও এলাকাবাসীর প্রতি, যারা তাৎক্ষণিকভাবে আমার পরিবারের সহায়তায় এগিয়ে এসেছেন।’
- সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা নিয়ে সমালোচনা করে ডাকসু ভিপি বলেন, ‘জুলাইপন্থী ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ডের পরও সরকারের নিষ্ক্রিয়তা বিস্ময়কর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বারবার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও ব্যর্থতা জনগণের সহ্যের সীমা ছাড়িয়েছে। সংসদে দাঁড়িয়ে যিনি ১৮ কোটি মানুষের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন, নিষিদ্ধ লীগের অব্যাহত সন্ত্রাস ও হামলা অস্বীকার করে আজগুবি বক্তব্য ও হাস্যকর মন্তব্যের মাধ্যমে নিজের ব্যর্থতা আড়াল করতে চান, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের প্রয়োজন নেই।’
- আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান তুলে ধরে সাদিক কায়েম আরও বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভুলে গেছে, শেখ হাসিনার মতো বিশ্বাসঘাতকরাই পালায়, দেশপ্রেমিকরা নয়। আমরা তিতুমীর, শরিয়তউল্লাহ, ঈসা খাঁ ও শহীদ ওসমান হাদির সংগ্রামের উত্তরসূরি। এসব কাপুরুষোচিত হামলা আমাদের মনোবল আরও দৃঢ় করেছে। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম এখন আরও দ্বিগুণ শক্তিতে চলবে। এই দেশের মাটি থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও আধিপত্যবাদের সব রাজনৈতিক ও সাংগঠনিক ভিত্তি উৎখাত করেই ছাড়ব, ইনশাআল্লাহ।’
- স্ট্যাটাসের শেষে তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ লেখেন।
- এর আগে, রবিবার ভোররাত সাড়ে পাঁচটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম জানান, শনিবার দিবাগত রাতে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
- এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু। তিনি বলেন, দিবাগত রাত তিনটার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন সারা দেশের মতো এখানেও অগ্নিসংযোগের চেষ্টা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।
- স্থানীয় বাসিন্দারা জানান, রাতে সাদিক কায়েমের পরিবারের সদস্যদের চিৎকার শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে বাড়ির সিঁড়ির পাশের উঠানে আগুন জ্বলতে দেখেন। পরে তার দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘটনাস্থলে কেরোসিন পড়ে থাকতে দেখেন তারা।







