গাজাকে বিশ্ববাসীর নজর থেকে হারাতে দেবে না তুরস্ক: হাকান ফিদান

Post Image

আন্তর্জাতিক নানা সংকটের মধ্যেও গাজার মানবিক বিপর্যয়ের বিষয়টি বিশ্ববাসীর নজরে রাখতে তুরস্ক কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। একই সঙ্গে শীত মৌসুম সামনে রেখে গাজায় ত্রাণসামগ্রী প্রবেশে ইসরায়েলের বাধা দেওয়ার সমালোচনা করেছেন তিনি।

গতকাল শনিবার (২১ নভেম্বর) তুরস্কের সম্প্রচারমাধ্যম টিজিআরটি হাবেরকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন হাকান ফিদান।

তিনি বলেন, “প্রতিটি বক্তব্যে, প্রতিটি উদ্যোগে এবং বিশ্বের যেকোনো প্রান্তের প্রতিটি মঞ্চে আমরা গাজার বিষয়টি তুলে ধরছি। গাজার পরিস্থিতি যেন কেউ ভুলে না যায়, তা নিশ্চিত করতে আমরা কাজ করছি।”

ফিদান বলেন, “ইরান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলকে ঘিরে নানা সংকট আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনায় থাকলেও ফিলিস্তিনের গাজাকে আলোচনার বাইরে যেতে দিতে চায় না আঙ্কারা।”

গাজার বর্তমান পরিস্থিতি তুলে ধরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “একটি শান্তিচুক্তির কয়েকটি ধারা কার্যকর হওয়ার পর সেখানে গণহত্যার সক্রিয় পর্যায় বন্ধ হয়েছে। তবে লক্ষ্যবস্তু করে হত্যাকাণ্ড এখনো চলছে। অন্যদিকে, যে পরিমাণ খাদ্য প্রবেশ করছে, তা মানুষের জরুরি প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয়।”

তিনি বলেন, “অন্তত কিছু খাদ্য প্রবেশ করছে। কিন্তু শুধু খাদ্যই যথেষ্ট নয়।”

সাম্প্রতিক বন্যা গাজার মানবিক সংকট আরও বাড়িয়ে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নির্দেশে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি), তুর্কি রেড ক্রিসেন্ট এবং কূটনীতিকেরা গাজায় ত্রাণবাহী কনটেইনার পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন বলে জানান ফিদান।

তবে ইসরায়েল ধাতব কনটেইনারগুলো গাজায় প্রবেশ করতে দেয়নি। তাদের দাবি, এসব কনটেইনার ব্যবহার করে হামাস অস্ত্র তৈরি করতে পারে। একই সঙ্গে সিমেন্ট, লোহা ও ইস্পাত প্রবেশেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ফিদান বলেন, “এর ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কাপড়ের তৈরি তাঁবুতে বৃষ্টি, ঝড় ও শীতের মধ্যে দিন কাটাতে হচ্ছে।”

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক কার্যালয়ের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, গত সপ্তাহে গাজায় বন্যায় দুই লাখের বেশি ফিলিস্তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সতর্কতা অনুযায়ী, প্রায় ৯ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত মানুষ বন্যাপ্রবণ এলাকায় বসবাস করছেন।

সাক্ষাৎকারে প্রতিবেশী সিরিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেন হাকান ফিদান। তিনি বলেন, “দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রক্রিয়া এগোচ্ছে, যদিও ব্যাপক অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক ধ্বংসযজ্ঞের কারণে অগ্রগতি কখনো ধীর হচ্ছে।”

সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শরণার্থীদের দেশে ফেরার সুযোগ তৈরি করাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

২০২৪ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ার নতুন সরকার দেশটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করছে।

ফিদান বলেন, “সন্ত্রাসবাদ বা আগ্রাসন অন্য দেশে ছড়িয়ে না দেওয়ার বিষয়ে দামেস্কের অবস্থান তুরস্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতি এবং তুরস্কের ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) বিষয়টিও ইতিবাচক সমাধানের দিকে এগিয়েছে।”

গত ২৫ আগস্ট এসডিএফের তৎকালীন কমান্ডার মাজলুম আবদি সংগঠনটি বিলুপ্ত করে সিরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পূর্ণ একীভূত হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

তবে সিরিয়ার স্থিতিশীলতার পথে ইসরায়েলের অবস্থানকে বাধা হিসেবে তুলে ধরেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তার অভিযোগ, ইসরায়েল প্রতিবেশী দেশগুলোকে শক্তিশালী হিসেবে দেখতে চায় না; বরং সেগুলোকে সংকট ও বিভক্তির মধ্যে রাখতে আগ্রহী।

ফিদান বলেন, “ইসরায়েলের সমস্যা হলো, তারা সিরিয়াতেও নিজেদের মৌলিক আঞ্চলিক লক্ষ্য বাস্তবায়ন করতে চায়। ইসরায়েল শক্তিশালী প্রতিবেশী দেখতে চায় না। তারা চায় প্রতিবেশী দেশগুলো সমস্যা ও বিভক্তির মধ্যে থাকুক।”

তিনি আরও অভিযোগ করেন, বছরের পর বছর ধরে ইসরায়েল আঞ্চলিক সংকট ও বিভিন্ন প্রক্সি শক্তির আড়ালে নিজেদের লক্ষ্য বাস্তবায়ন করেছে। এ কাজে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের শক্তিকে ব্যবহার করেছে দেশটি।

ফিদানের ভাষায়, “নিজেদের লক্ষ্য অর্জনে ইসরায়েল বহু বছর ধরে বুলডোজার হিসেবে যুক্তরাষ্ট্রের শক্তি ব্যবহার করেছে। এখন পুরো অঞ্চল বিষয়টি বুঝতে পারছে।”


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গাজাকে বিশ্ববাসীর নজর থেকে হারাতে দেবে না তুরস্ক: হাকান ফিদান

নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে একমত বেনেট

সেনাবাহিনীর গাড়ি থামিয়ে মামলা দিয়ে বিপাকে নারী কর্মকর্তা

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সৌদির রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু

ইরান যুদ্ধ সমর্থন করেন না ৬৯ শতাংশ মার্কিন নাগরিক

‘বেঁচে না-ও ফিরতে পারি’, চিকিৎসা চেয়ে প্রধান বিচারপতিদের চিঠি ইমরান খানের