- সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় শহরের বিমানবন্দরের কাছে ধোঁয়া দেখা গেছে বলে জানিয়েছেন বাসিন্দারা। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের নতুন করে হামলার মুখে রয়েছে সৌদি আরব।
- বিস্ফোরণের কারণ ও সুনির্দিষ্ট স্থান তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে রিয়াদের উত্তর-পূর্বাঞ্চলে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ধোঁয়া দেখেছেন বলে জানিয়েছেন বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের আগে তাঁদের মুঠোফোনে কোনো জরুরি সতর্কবার্তা আসেনি। উত্তর রিয়াদের এক বাসিন্দা বিস্ফোরণের শব্দকে ‘অত্যন্ত বিকট’ বলে বর্ণনা করেছেন।
- এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, বিস্ফোরণের সময় তার বাড়ির দরজাগুলো খুলে যায় এবং কিছুক্ষণের জন্য বিদ্যুৎ চলে যায়।
- উত্তর রিয়াদের এক বাসিন্দা বলেন, ‘কোনো সতর্কবার্তা না পেয়েই বিস্ফোরণের শব্দ শোনা খুবই ভীতিকর।’
- সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বুধবার জানিয়েছেন, রিয়াদ অঞ্চলের দিকে হুতিদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে।
- সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে আল-মালিকি কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির কথা জানাননি।
- তবে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার ঘটনার সঙ্গে রাজধানীতে শোনা বিস্ফোরণের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। জোটের এই ঘোষণার বিষয়ে হুতিরাও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।







