ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)-এর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।
সংগঠনটি বলছে, ‘গুম, খুন, দমন-পীড়ন, অগ্নিসন্ত্রাস ও রাষ্ট্রীয় নিপীড়নের মাধ্যমে দেশকে দীর্ঘদিন জিম্মি করে রাখা ভারতপন্থি নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হলেও তাদের সন্ত্রাসী মানসিকতার কোনো পরিবর্তন হয়নি।’
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে ঢাবি শাখা শিবিরের সভাপতি ও ডাকসু এজিএস মুহা. মহিউদ্দিন খান এবং সেক্রেটারি কাজী আশিক এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, “ডাকসুর একজন নির্বাচিত সম্পাদকের পৈতৃক বাড়িতে ভারতপন্থি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং ফ্যাসিবাদী সন্ত্রাসের ধারাবাহিকতা এবং ভিন্নমত দমনে ভয় ও আতঙ্ক সৃষ্টির ন্যাক্কারজনক অপচেষ্টা। গতকাল মুসাদ্দিকের ফুপুর বাড়িতে এবং আজ তার পৈতৃক বাড়িতে পরিকল্পিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, “গুম, খুন, দমন-পীড়ন, অগ্নিসন্ত্রাস ও রাষ্ট্রীয় নিপীড়নের মাধ্যমে দেশকে দীর্ঘদিন জিম্মি করে রাখা ভারতপন্থি নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হলেও তাদের সন্ত্রাসী মানসিকতার কোনো পরিবর্তন হয়নি। দেশ থেকে বিতাড়িত ও জনতার কাছে প্রত্যাখ্যাত এই ফ্যাসিবাদী অপশক্তি এখনো রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস, হামলা, হুমকি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী ছাত্রসমাজ ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিকে ভয় দেখিয়ে দমনের দিবাস্বপ্ন যারা দেখছে, তাদের সেই স্বপ্ন কখনো বাস্তবায়িত হতে দেওয়া হবে না।”
নেতৃদ্বয় আরও বলেন, “নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে পুনরায় সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, অথচ এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের নিষ্ক্রিয়তা জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। বর্তমান বিএনপি সরকারের সার্বিক প্রশ্রয়ে প্রশাসন, পুলিশসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ফ্যাসিবাদী সন্ত্রাসীদের পুনর্বাসনের মহাপ্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রশ্রয়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলো পুনরায় সংগঠিত হয়ে এ ধরনের অপরাধ সংঘটনের সাহস পাচ্ছে। সরকারকে এই দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই; অবিলম্বে এসব সন্ত্রাসী অপতৎপরতা বন্ধে কঠোর অবস্থান নিতে হবে।”
জড়িতদের শাস্তির দাবিতে বিবৃতিতে সবশেষে বলা হয়, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় অবিলম্বে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে। একই সঙ্গে মোসাদ্দেক ও তার পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাচ্ছে।”







