কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, বাংলাদেশকে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে দুর্নীতিমুক্ত ও দক্ষ মানুষ প্রতিষ্ঠিত করতে হবে। দুর্নীতিমুক্ত ও দক্ষ মানুষ তৈরির সবচেয়ে বড় কারখানা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্রী সংস্থা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আমির হামজা বলেন, ‘আজ বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতিমুক্ত মানুষ পাঠাতে হবে। আর সেই মানুষ তৈরির সবচেয়ে বড় ফ্যাক্টরি, সবচেয়ে বড় কারখানা ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্রী সংস্থা। বাংলাদেশে অনেক ছাত্র ও ছাত্রী সংগঠন রয়েছে; কিন্তু এই দুটি সংগঠনের মতো গতিশীল ও স্বতন্ত্র প্ল্যাটফর্ম আর নেই।’
তিনি আরও বলেন, নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তবে সেই লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা শয়তান। মানুষ কিংবা জিন- উভয় রূপেই শয়তান মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করে।
পবিত্র কুরআনের সুরা আল-আ’রাফের ১৬ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, শয়তান আল্লাহর কাছে মানুষকে বিপথগামী করার চ্যালেঞ্জ করেছিল। ভালো ও সঠিক পথের মোড়ে অবস্থান নিয়ে মানুষকে বিভ্রান্ত করার কথা জানিয়েছিল সে। ফলে ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার মতো সংগঠনে যুক্ত হওয়ার পথেও নানা বাধা ও প্রতিবন্ধকতা আসতে পারে।
তিনি বলেন, ‘বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার কার্যক্রমের পথে শয়তান সর্বাত্মক বাধা দেওয়ার চেষ্টা করবে। কারণ, এখানে এলে একজন মানুষের জীবন, মান, ক্যারিয়ার ও চরিত্র সবচেয়ে উন্নত এবং পবিত্র হবে- এ নিশ্চয়তা আমরা দিতে পারি, ইনশাআল্লাহ।’







