কৃষক লীগের এক নেতাকে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন রেজওয়ান হোসেন। ওই কৃষক লীগ নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাশেদ খানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন রেজওয়ান হোসেন।
পোস্টে তিনি দাবি করেন, ঢাকা প্রেসক্লাবের সামনে প্রেস ব্রিফিংয়ের সময় রাশেদ খানের পাশে লাল পাঞ্জাবি পরা এক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন, যিনি ঢাকা জেলা উত্তর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক। এ সময় এক ব্যক্তি মোবাইল ফোনে কৃষক লীগের কমিটির তালিকা দেখিয়ে ওই ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিশ্চিত করার চেষ্টা করেন।
রেজওয়ান হোসেনের অভিযোগ, পরিচয় নিশ্চিত হওয়ার পরও রাশেদ খান ওই ব্যক্তিকে রক্ষা করার চেষ্টা করেন। পরে উপস্থিত জনতা তাকে পুলিশের হাতে তুলে দেন।
রাশেদ খানের রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে রেজওয়ান হোসেন অভিযোগ করেন, তিনি আওয়ামী লীগের স্বার্থে কাজ করছেন এবং জামায়াত ও বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন। তার দাবি, রাশেদ খানের বিভিন্ন বক্তব্য রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বাড়াচ্ছে।
পোস্টে রাশেদ খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর পদ থেকে সাময়িক বরখাস্ত এবং গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান তিনি। একই সঙ্গে ১১ দলীয় জোটের সঙ্গে ঐক্যের ক্ষেত্রে রাশেদ খানকে পদ থেকে সরানোর শর্ত দেওয়ার আহ্বান জানান।
তবে রাশেদ খানের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তার বক্তব্যও পাওয়া যায়নি।







