রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সময় ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার সহ পুলিশের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ১নং যুগ্ম আহবায়ক মামুন অর রশিদ (২৭)। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও দুজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগ। তারা হচ্ছেন যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইব্রাহিম হোসেন মুন (৫০) ও যুবলীগ নেত্রী মেঘলা মিলি (৪১)।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোঃ শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ডিসেম্বর মাসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্র নাশকতার পরিকল্পনা করছে- এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা মিরপুর বিভাগের নজরদারি বৃদ্ধি করা হয়। গতকাল রাতে গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল মিরপুর-১০ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের ১নং যুগ্ম-আহ্বায়ক মো. মামুন অর রশীদকে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা মিরপুর বিভাগের একটি টিম মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে যুবলীগ নেতা ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন অর রশীদ জানায়, ঢাকাসহ মিরপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মেহেরপুরের ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে তিনি গান পাউডার সংগ্রহ করে। পরবর্তীতে মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে ইব্রাহিম হোসেন মুন ও যুবলীগ নেত্রী মেঘলা মিলির কাছে হস্তান্তরের উদ্দেশ্যে গান পাউডার ঢাকায় নিয়ে আসে। এ কাজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন্বয় করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, গত ১৮ জুলাই ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন নিষিদ্ধ ইবি ছাত্রলীগের এই যুগ্ম আহবায়ক মামুন অর রশিদ। সেদিন ই পুলিশ বাদী হয়ে মিছিলের নেতৃত্বদানকারী মামুনুর রশীদকে প্রধান আসামি করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সন্ত্রাস দমন আইন-২০০৯ অনুযায়ী মামলা দায়ের করে।







