- ইসরায়েলের আরব নাগরিকেরা দেশটির ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী গাদি আইজেনকোট। তিনি বলেছেন, আরব নাগরিকদের প্রান্তিক করা এবং সামগ্রিকভাবে তাদের অপমান করার চেষ্টা রাষ্ট্র পরিচালনার নীতির পরিপন্থী। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে আইজেনকোট ইসরায়েলের আরব নাগরিকদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রচারণার নিন্দা জানান। তিনি এই প্রচারণাকে ‘বর্ণবাদী ও আগ্রাসী’ বলে উল্লেখ করেন।
- নেতানিয়াহু সম্প্রতি আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছেন। তবে তার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলের নির্বাচনী কর্তৃপক্ষ। নির্বাচনে আশানুরূপ ফল না পাওয়ার পর থেকেই নেতানিয়াহু আরব দল ও ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে বিভিন্ন অভিযোগ করে আসছেন। তাদের বিরুদ্ধে নির্বাচনে কারসাজি এবং হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও তুলেছেন তিনি।
- আইজেনকোট বলেন, ‘আরব নাগরিকেরা বর্ণবাদী ও আগ্রাসীভাবে তাদের বৈধতা অস্বীকারের প্রচারণার শিকার হয়েছেন। বিদায়ী প্রধানমন্ত্রী ও তার ঘনিষ্ঠরা রাজনৈতিক উদ্দেশ্যে এই প্রচারণা চালিয়েছেন।’
- তিনি আরও বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী সব ইসরায়েলি নাগরিকের প্রধানমন্ত্রী, এমনকি যাঁরা তাকে ভোট দেননি, তাদেরও।’
- ইসরায়েলের মোট জনসংখ্যার ২০ শতাংশের বেশি আরব নাগরিক। তাদের অধিকাংশই ফিলিস্তিনি বংশোদ্ভূত। সম্প্রতি দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত আরব সংখ্যাগরিষ্ঠ রা’আম দলের প্রধান মানসুর আব্বাসসহ চার আরব আইনপ্রণেতাকে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নেয়। এ ঘটনায় নিরাপত্তা সংস্থাটির রাজনৈতিকভাবে ব্যবহৃত হওয়ার অভিযোগ ওঠে।
- সাম্প্রতিক নির্বাচনে আরব সংখ্যাগরিষ্ঠ দুটি দল রা’আম ও জয়েন্ট লিস্ট মোট ১৯টি আসন পেয়েছে। ফলে নতুন সরকার গঠনে দল দুটির সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব দলের সমর্থন পেলে আইজেনকোটের পক্ষে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব।
- সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। এই সময়ের মধ্যে তিনি সরকার গঠনে ব্যর্থ হলে অন্য কোনো আইনপ্রণেতাকে সেই দায়িত্ব দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে নেতানিয়াহুর কাছেও সরকার গঠনের দায়িত্ব যাওয়ার সম্ভাবনা রয়েছে।
- তবে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের বিষয়ে বিরোধী শিবিরের ডানপন্থী অংশের আপত্তি রয়েছে। তাদের কয়েকজন জানিয়েছেন, আইজেনকোট আরব দলগুলোর সঙ্গে সমঝোতা করলে তার প্রতি সমর্থন প্রত্যাহার করবেন।







