- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানকে ফোনকল করে আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু।
- প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তাঁরা। পরে খোঁজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের বিষয়টি জানতে পারেন। সেখানে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং অপরটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়।
- ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “মেইন গেটের দায়িত্বে থাকা পুলিশ ফোন দিয়ে জানায়, সেখানে দুটি ককটেল পাওয়া গেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। এ ঘটনার পরপরই ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু আমাকে ফোন করেন। তিনি বলেন, ‘তোমার যদি এত সাহস থাকে, তুমি ক্যাম্পাস বন্ধ করতে চাও, আসো ক্যাম্পাসে। তারপরে আমরা দেখব। আমি ক্যাম্পাস খোলা রাখব। তোমার যদি সাহস থাকে, আর তোমরা যদি আসতে পারো, ক্যাম্পাস বন্ধ করা পারলে ঠেকাও।’
- তিনি আরও বলেন, “ক্যাম্পাসে এ ধরনের ঘটনা বিচ্ছিন্ন। এ নিয়ে শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পাশে রয়েছে। ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। আমরা পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি। একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের জন্য বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে সেটি উদ্ধার করলে সড়ক চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।”
- এ বিষয়ে কাজলা ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, “বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং আরেকটি ককটেল অক্ষত অবস্থায় পড়ে রয়েছে। আমাদের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এলে সেটি উদ্ধার করা হবে।”
- তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।







