আগামী ২৮ নভেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তাফসির মাহফিলে অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁর এই প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে। তাঁকে ঘিরে ইতোমধ্যে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
ড. মিজানুর রহমান আজহারী সর্বশেষ ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি দেশের মাটিতে উন্মুক্ত তাফসির মাহফিলে বক্তব্য দেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া আমবাগান মাঠে জাবালুন নূর ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত ওই মাহফিলে লাখো মানুষের সমাগম ঘটে।
এরপর ২০২৫ সালের ৮ নভেম্বর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় পরবর্তী সব বিভাগীয় তাফসির মাহফিল সাময়িকভাবে স্থগিতের কথা জানান তিনি।
এর ফলে দেশের উন্মুক্ত মাঠে তাঁর তাফসির মাহফিল ঘিরে দীর্ঘ বিরতি তৈরি হয়। অবশেষে সেই বিরতি কাটিয়ে চলতি বছরের নভেম্বরেই আবারও মাহফিলের মঞ্চে ফিরছেন এই ইসলামি আলোচক।
আগামী ২৭ ও ২৮ নভেম্বর রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী তাফসির মাহফিল। এতে দ্বিতীয় দিন, অর্থাৎ ২৮ নভেম্বর বক্তব্য দেওয়ার কথা রয়েছে ড. মিজানুর রহমান আজহারীর।
মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে মাঠ প্রস্তুতিসহ বিভিন্ন আয়োজন শুরু হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রস্তুতি।
রাজশাহীর মাহফিলের পর আগামী বছরের জানুয়ারিতেও দেশের আরও দুটি বড় তাফসির মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সূচি অনুযায়ী, আগামী ১৬ জানুয়ারি ২০২৭ সাতক্ষীরা শহরের লাবসা বাইপাস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে একটি বিভাগীয় তাফসির মাহফিল। এরপর ২৩ জানুয়ারি দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিতব্য আরেকটি মাহফিলেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
দীর্ঘ বিরতির পর ড. মিজানুর রহমান আজহারীর এই প্রত্যাবর্তনকে ঘিরে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে ধর্মপ্রাণ মানুষের মধ্যে। এখন সবার দৃষ্টি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের দিকে।