ডা. জাকির নায়েক • নবীজির (সা.) সঙ্গে বিয়ের সময় খাদিজার (রা.) বয়স কত ছিল?

Post Image


ডা. জাকির নায়েককে এক ব্যক্তি প্রশ্ন করেন, আমাদের প্রিয় মাতা খাদিজা (রা.) যখন মহানবী হজরত মুহাম্মাদের (সা.) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, তখন তার বয়স কত ছিল? ৪০ বছর ছিল নাকি ২৮ বছর?

উত্তরে ডা. জাকির নায়েক বলেন:

আমরা সাধারণত সিরাতগ্রন্থগুলোতে পড়ে থাকি যে, নবীজির (সা.) যখন প্রথম বিয়ে হয়, তখন তাঁর বয়স ছিল ২৫ বছর এবং খাদিজার (রা.) বয়স ছিল ৪০ বছর। তাহলে প্রশ্নকারী কেন জানতে চাইলেন যে তাঁর বয়স কি ৪০ ছিল নাকি ২৮ ছিল?

এর কারণ হলো, সংখ্যাগরিষ্ঠ পণ্ডিত ও ইতিহাসবিদরা ৪০ বছর বললেও কিছু প্রাচ্যবিদ বলে থাকেন যে খাদিজার (রা.) বয়স বিয়ের সময় ৪০ ছিল না, বরং ২৮ বছর ছিল। সাম্প্রতিককালে, অর্থাৎ গত কয়েক দশক ধরে এবং বিশেষ করে পাঁচ-ছয় বছর আগে কিছু মুসলিম গবেষক বা পশ্চিমা মুসলিম চিন্তাবিদ বলেছেন যে নবীজির সাথে যখন তাঁর বিয়ে হয়, তখন তাঁর বয়স ৪০ নয়, বরং ২৮ বছর ছিল। এমন কি একজন বিখ্যাত আমেরিকান দাঈ পর্যন্ত এই কথা বলেছেন যে, অতীতেও এ নিয়ে মতপার্থক্য ছিল এবং এই বর্ণনাটি হযরত ইবনে আব্বাস (রা.) থেকে উদ্ধৃত হয়েছে।

ওই গবেষক আরও বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে ২৮ বছরের মতটিকেই বেশি যুক্তিযুক্ত মনে করেন। কারণ, একজন নারীর পক্ষে ২৮ বছর বয়সে বিয়ে করে ছয়টি সন্তান জন্ম দেওয়াটা যতটা স্বাভাবিক বা যুক্তিসঙ্গত, ৪০ বছর বয়সে বিয়ে করে ছয়টি সন্তান জন্ম দেওয়াটা ততটা যুক্তিসঙ্গত নয়।

কিন্তু যে সনদে ইবনে আব্বাস (রা.) থেকে উপরোক্ত বিয়ের বয়স বর্ণিত হয়েছে, সেই সনদের একজন বর্ণনাকারী অত্যন্ত দুর্বল ও অনির্ভরযোগ্য। কেবল ইবনে আব্বাসের (রা.) নাম উল্লেখ করে এবং এই বর্ণনাটি সঠিক বলে প্রচার করে সাধারণ মুসলমানদের মনে সন্দেহের সৃষ্টি করা কোনোভাবেই ঠিক নয়।

এটা সত্য যে বয়ঃসন্ধির পর নারীদের সন্তান জন্মদানের সম্ভাবনা তাদের কিশোরী বয়সে বা বিশের দশকে সবচেয়ে বেশি থাকে। চিকিৎসা বিজ্ঞানও বলে যে, ৩০ বছর বয়স পর্যন্ত এই সম্ভাবনা বেশি থাকে। ৩০ বছর পার হলে তা কমতে থাকে, ৩৫ বছর পার হলে আরও কমে, ৪০ বা ৪৫ বছর পার হলেও ক্রমান্বয়ে কমতে থাকে। এই যুক্তির ওপর ভিত্তি করেই বলা হয় যে ৪০ বছর বয়সে ছয়টি সন্তানের জন্ম দেওয়া তাত্ত্বিকভাবে ২৮ বছর বয়সের তুলনায় কম যুক্তিসঙ্গত, তাই বয়স ২৮ বছর হওয়াই বেশি যৌক্তিক। তবে এই আংশিক তথ্য উপস্থাপন এবং অসম্পূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে ইসলামকে আরও আধুনিক বা মনোগ্রাহী বানানোর চেষ্টা করা সমীচীন নয়।

ঐতিহাসিক দলিলপত্র পর্যালোচনা করলে দেখা যায়, বেশিরভাগ ইতিহাসবিদ ও ইসলামি পণ্ডিত একমত যে হযরত খাদিজার (রা.) বয়স বিয়ের সময় ৪০ বছরই ছিল। এর বিপরীতে ২৮ বছরের পক্ষে মাত্র দুটি হাদিস পাওয়া যায়, যা হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। কিন্তু আগেই বলা হয়েছে, এর বর্ণনাকারীদের একজন অত্যন্ত দুর্বল ও অনির্ভরযোগ্য। ফলে এই দুর্বল হাদিসটি সেই সমস্ত হাদিসের তুলনায় ধোপে টেকে না, যেখানে বলা হয়েছে যে নবীজির সাথে বিয়ের সময় তাঁর বয়স ৪০ বছর ছিল।

৪০ বছরের বয়সকে সমর্থন করে এমন দুটি হাদিস বর্ণনা করেছেন হাকিম বিন হিজাম, যিনি ছিলেন খাদিজার (রা.) ভাতিজা। তিনি বলেছেন, খাদিজার (রা.) বয়স বিয়ের সময় ৪০ বছর ছিল, নবীজির বয়স ছিল ২৫ বছর। এই বর্ণনার সনদ ইবনে আব্বাসের বর্ণনার চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য।

শরিয়তের বিধান ও ঐতিহাসিক সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে শরিয়তের নীতিমালা বা মূলনীতি আগে দেখতে হয়, কেবল যুক্তির ওপর অন্ধভাবে নির্ভর করা যায় না। যুক্তি অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তা আসে কোরআন ও হাদিসের পরে। ঐতিহাসিক দলিল এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতামত অনুযায়ী খাদিজার (রা.) বয়স ৪০ বছরই ছিল। এর বাইরে তৎকালীন কিছু দুর্বল বর্ণনার ওপর ভিত্তি করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

ইবনে আব্বাস (রা.) জন্মগ্রহণ করেছিলেন খাদিজার (রা.) ইন্তেকালের কাছাকাছি সময়ে, ফলে বিয়ের সময় তিনি উপস্থিত ছিলেন না। পক্ষান্তরে হাকিম বিন হিজাম খাদিজার (রা.) চেয়ে দুই বছরের ছোট এবং নবীজির (সা.) চেয়ে ১৩ বছরের বড় ছিলেন। স্বাভাবিকভাবেই তাঁর বর্ণনা ইবনে আব্বাসের বর্ণনার চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ওজনদার হবে।

৪০ বছর বয়সের পক্ষে থাকা চারটি হাদিস ছাড়াও আরও কিছু বর্ণনা রয়েছে, যা এই মতকে আরও সুদৃঢ় করে। যেমন অন্যান্য বর্ণনায় পাওয়া যায় যে, খাদিজা (রা.) যখন ইন্তেকাল করেন, তখন তাঁর বয়স ছিল ৬৫ বছর। নবীজির নবুয়ত লাভের ১০ বছর পর তিনি মারা যান এবং তাঁদের বিয়ের স্থায়িত্ব ছিল ২৫ বছর। এখন যদি ৬৫ বছর বয়স থেকে ২৫ বছর পেছনে যান, তবে বিয়ের সময় তাঁর বয়স ৪০ বছরই বের হয়ে আসে। এই বর্ণনাগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে বিয়ের সময় তাঁর বয়স ৪০ বছরই ছিল।

কিছু মানুষ ইসলামকে মানুষের কাছে আরও গ্রহণযোগ্য বা আধুনিক বানানোর জন্য দুর্বল বর্ণনাগুলোকে সামনে নিয়ে আসে এবং বলে যে ৪০ বছরের চেয়ে ২৮ বছর মানলে বুঝি ভালো হয়। কিন্তু এভাবে মনগড়া কথা বলা বা আংশিক তথ্য তুলে ধরা অনর্থক ফেতনা তৈরি ছাড়া কিছু নয়।

আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানও বলে যে একজন নারীর সন্তান জন্মদানের বয়স তার বয়ঃসন্ধি থেকে শুরু করে মেনোপোজ বা ঋতুবন্ধ পর্যন্ত চলতে থাকে। সাধারণত ১২ থেকে ৫১ বছর বয়সকে এর আদর্শ সময় ধরা হলেও, ১০ বা ৯ বছর বয়সেও অনেক মেয়ে বয়ঃসন্ধিপ্রাপ্ত হয়। আমি নিজেও ভারতে একজন চিকিৎসক হিসেবে ৯ বছর বয়সে বয়ঃসন্ধিপ্রাপ্ত হওয়ার বহু মেয়েকে দেখেছি।

৩০ বছর বয়সের পর কোনো নারী সন্তান জন্ম দিতে পারেন না এই ধারণাও সঠিক নয়। কোটি কোটি নারী ৩০, ৩৫, ৪০ এমনকি ৪৫ বছর বয়সের পরেও সুস্থভাবে সন্তান জন্ম দিচ্ছেন। বিজ্ঞান বলে যে, বয়স বাড়ার সাথে সাথে সন্তান জন্মদানের হার কমতে পারে, কিন্তু তা অসম্ভব নয়। ৫০ বা ৫৫ বছর বয়সেও সন্তান জন্ম দেওয়ার ঘটনা বিরল নয়।

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, ২০১৭ সালে প্রাকৃতিকভাবে জন্মদানকারী সবচেয়ে বেশি বয়সী নারীর বয়স ছিল ৫৯ বছর। অতীতেও ষাটোর্ধ্ব নারীদের সন্তান প্রসবের ইতিহাস রয়েছে। আর বর্তমানের আধুনিক ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ প্রযুক্তির সাহায্যে ৭৪ বছর বয়সে সন্তান জন্ম দেওয়ার ঘটনাও ঘটেছে।

ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী, খাদিজা (রা.) ও নবীজির (সা.) ঘরে মোট ছয়টি সন্তান জন্ম নিয়েছিল; চারজন কন্যা এবং দুজন পুত্র। তাঁদের কনিষ্ঠ পুত্র আবদুল্লাহর জন্ম হয়েছিল নবীজির নবুয়ত লাভের ঠিক আগে কিংবা সামান্য পরে। যদি আমরা ধরে নিই যে আবদুল্লাহর জন্ম নবীজির নবুয়ত লাভের এক বছর পরে হয়েছিল, তখন নবীজির বয়স ছিল ৪১ বছর এবং খাদিজার (রা.) বয়স ছিল ৫৬ বছর। অর্থাৎ, সর্বশেষ সন্তান প্রসবের সময় তাঁর বয়স ৫৬ বছর হলেও তা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে মোটেও অসম্ভব কিছু নয়।

আরবদের মধ্যে, বিশেষ করে কোরাইশ বংশের নারীদের মধ্যে বেশি বয়সে সন্তান প্রসবের ঘটনা বিরল নয়। তাই খাদিজার (রা.) ৪০ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং পরবর্তী সময়ে নিয়মিত বিরতিতে ছয়টি সন্তান জন্ম দেওয়া কোনো অবাস্তব বিষয় নয়।

তাহলে কেন কিছু মুসলমান অপ্রয়োজনীয়ভাবে দুর্বল বর্ণনাগুলোকে সামনে এনে সংশয় সৃষ্টি করে? অধিকাংশ নির্ভরযোগ্য ঐতিহাসিক বর্ণনা ও বিশুদ্ধ হাদিসের ভিত্তিতে এটি প্রমাণিত যে নবীজির সঙ্গে যখন খাদিজার (রা.) বিয়ে হয়, তখন তাঁর বয়স ৪০ বছরই ছিল। সংখ্যাগরিষ্ঠ পণ্ডিত ও গবেষক এই মতকেই সঠিক বলে গ্রহণ করেছেন। সুতরাং, অহেতুক দুর্বল বর্ণনার ওপর ভিত্তি করে এই ঐতিহাসিক সত্য নিয়ে প্রশ্ন তোলা কোনোভাবেই সঠিক নয়।

এই বিভাগের আরও খবর

ধর্ম

সর্বশেষ খবর

মাদরাসা-স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা বন্ধের আহবান জাতীয় মসজিদ খতিবের

ডা. জাকির নায়েক • নবীজির (সা.) সঙ্গে বিয়ের সময় খাদিজার (রা.) বয়স কত ছিল?

‘আমার স্ত্রী আমার পিএসের সঙ্গে পরকীয়া করত’— অভিযোগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর

বড়দিনের জন্য চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

অস্ত্রোপচারের পর বিয়ে ও পরিবারের ওপর গুরুত্ব তুলে ধরলেন পোপ লিও

আজ বিজয়া দশমী

পূজায় অংশ নিলে ইমান থাকবে না: বায়তুল মোকাররম খতিব

শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ

সর্বাধিক পঠিত

রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান ও প্রধান বিচারপতি হিসেবে যেমন ছিলেন রাসুলুল্লাহ (সা.)

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা-হিযবুত তাওহীদ নিষিদ্ধসহ সাত দাবি

২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

নখের ভেতর ময়লা থাকলে ফরজ গোসল শুদ্ধ হবে কি??

সুদ-ঘুসের টাকায় বাড়ি-গাড়ি, তওবায় ক্ষমা হবে কি?

শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ

আজ বিজয়া দশমী

অস্ত্রোপচারের পর বিয়ে ও পরিবারের ওপর গুরুত্ব তুলে ধরলেন পোপ লিও

পূজায় অংশ নিলে ইমান থাকবে না: বায়তুল মোকাররম খতিব

বড়দিনের জন্য চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি