চার দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম

Post Image

ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ৪ আগস্ট তিনি ঢাকায় পৌঁছাবেন। সফরকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত ইলমি সেমিনার, ইসলাহি মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

বাংলাদেশে মুফতি আবুল কাসেম নোমানীর সফর বাস্তবায়ন কমিটির জ্যেষ্ঠ সদস্য এবং খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে এ সফরকে ঘিরে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

জানা যায়, ভারতের দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুপুর ১২টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন মুফতি আবুল কাসেম নোমানী। পরে তিনি রাজধানীতে অবস্থান করবেন এবং রাতে মুফতি জহিরুল ইসলামের বাসভবনে থাকবেন।

পরে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কেআইবি কমপ্লেক্সে ‘মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত ইলমি সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সেমিনারের বিষয় ‘হাদিস অনুসরণে সালাফের কর্মপন্থা: প্রসঙ্গ জামে তিরমিজি ও কিফায়াতুল মুগতাযি’। দুপুরে তিনি মিরপুরের জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেবেন। বিকেল ৩টায় একই প্রতিষ্ঠানে উলামায়ে কেরামের উদ্দেশে বিশেষ নসিহত করবেন। পরে বাদ মাগরিব রাজধানীর বসুন্ধরার মারকাজুল ফিকরিল ইসলামিতে অনুষ্ঠিত ইসলাহি মাহফিলে অংশ নেবেন।

পরের দিন সকাল ১০টায় হেলিকপ্টারযোগে বগুড়ার উদ্দেশে রওনা হবেন। পরে সেখান থেকে পিরোজপুরে গিয়ে আশরাফুল মাদারিসে আয়োজিত ‘তাহাফফুজে ফিকরে আকাবির’ শীর্ষক সমাবেশে প্রধান বয়ান করবেন।

বাদ আসর ঢাকায় ফিরে রাতে উত্তরায় উলামা ও আইম্মা কাউন্সিল আয়োজিত ‘দেওবন্দের ঐতিহ্য ও খিদমত’ শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখবেন। সফরের শেষ দিনে ৭ আগস্ট জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করবেন এবং মুসল্লিদের উদ্দেশে বয়ান প্রদান করবেন। পরে বিকেল ৪টা ৩০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

সর্বশেষ খবর

ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট

রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ

মাদরাসাগুলোর ঐতিহ্য রক্ষা ও শিশু নির্যাতন রোধে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাবনা

হজের প্রাথমিক নিবন্ধন শুরু

নিষিদ্ধ যে কাজে বান্দার ৪০ দিনের নামাজ কবুল হয় না

চার দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম

বাংলাদেশে আসছেন বিশ্বের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

মহররম মাসের চাঁদ দেখা গেছে