আমেরিকান রাজনীতি যখনই কোনো নির্বাচনের উত্তাপে উত্তাল হয়ে ওঠে, তখন আটলান্টিকের এপারে বসে আমরা প্রবাসীরা যেমন চোখ রাখি, তেমনি বাংলাদেশের চায়ের টেবিল থেকে সোশ্যাল মিডিয়াতেও তা নিয়ে আলোচনা শুরু হয়। তবে আমাদের দেশের মানুষের দৃষ্টি থাকে ব্যালট পেপারের এমন কিছু নামের দিকে, যেগুলোতে মুসলিম কিংবা অভিবাসী পরিচয় স্পষ্ট।
যখনই মিশিগানে ড. আবদুল এল-সাঈদের মতো তরুণ চিকিৎসকের জাতীয় রাজনীতিতে উত্থান ঘটে, কিংবা নিউ ইয়র্কের রাজ্য অ্যাসেম্বলি ছাড়িয়ে জোহরান মামদানি যখন খোদ নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় ঝড় তোলেন, অথবা ইলহান ওমর ও রাশিদা তাইয়েবদের মতো নারী রাজনীতিকরা ওয়াশিংটনের ক্ষমতাশালীদের মুখোমুখি দাঁড়ান, তখনই আমাদের ভার্চুয়াল দুনিয়ায় দুটো বিপরীতমুখী দলের জন্ম হয়।
প্রথম দলটির প্রতিক্রিয়া হয় নিখাদ রোমান্টিক এবং কিছুটা আবেগী। কোনো এক মুসলিম নামধারী নেতা পশ্চিমা রাজনীতিতে বিজয়ী হলেই আমাদের অনেকে তাঁদের মনের ভেতর ‘সালাহুদ্দিন আইয়ুবি’ বা ‘ইসলামের মহান সেনাপতি’ কল্পনা করে বসেন। তাঁদের ভাবখানা এমন যেন কাল সকালেই এঁরা হোয়াইট হাউস বা ক্যাপিটল হিলে গিয়ে মার্কিন পররাষ্ট্রনীতিকে এক জাদুমন্ত্রে বদলে দেবেন।
আর এর ঠিক উল্টো দিকে ওত পেতে থাকে আমাদের সোশ্যাল মিডিয়ার ফতোয়াবাজদের দল। তাঁরা কোনো নেতার বিজয়ের খবর পাওয়া মাত্রই ইন্টারনেটে গিয়ে প্রার্থীর ব্যক্তিজীবন, পোশাকের ধরন কিংবা ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল অবস্থান নিয়ে বিচার শুরু করেন। এরপর গম্ভীর মুখে রায় দিয়ে বসেন, এরা তো খাঁটি মুসলমান নয়। এরা তো সেক্যুলার ডেমোক্র্যাট। এদের জয়ে এত উল্লাসের কী আছে?
যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল কমিউনিকেশনের পিএইচডি গবেষক হিসেবে এবং দীর্ঘদিন সাংবাদিকতার অভিজ্ঞতায় দাঁড়িয়ে যখন অভিবাসী সমাজের এই দৃশ্য দেখি, তখন মনে হয় আমরা আসলে রাজনীতির মূল দিকটা বাদ দিয়ে শুধুই আবেগে ভাসছি। আমেরিকার রাজনীতিতে আবদুল এল-সাঈদ কিংবা জোহরান মামদানির মতো তরুণদের উপস্থিতিকে কোনো ধর্মীয় বিপ্লব হিসেবে দেখার সুযোগ নেই। এটি মূলত নাইন-ইলেভেন-পরবর্তী ভয়ের সংস্কৃতি ভেঙে পশ্চিমা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দ্বিধাহীন মুসলিম আত্মপরিচয়ের এক বাস্তব অগ্রগতি।
বিষয়টি বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর এই দেশে সাধারণ মুসলমানদের ওপর দিয়ে যে কঠিন সময় গেছে, তা বাইরে থেকে অনুমান করা কঠিন। নাইন-ইলেভেনের পর আমেরিকার সাধারণ ও নিরীহ মুসলিম জনগোষ্ঠীকে এক প্রকার স্থায়ী আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। এয়ারপোর্টের অপমানজনক তল্লাশি থেকে শুরু করে অফিসে সহকর্মীদের সন্দেহের দৃষ্টি, মুসলিম পরিচয়টাই ছিল এক বড় ধরণের সামাজিক হীনম্মন্যতার কারণ। মূলধারার রাজনীতিতে টিকে থাকতে হলে অনেকে নিজের নাম গোপন করে ‘স্যাম’ বা ‘মাইকেল’ হয়ে যেতেন।
আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটির প্রখ্যাত অধ্যাপক মাহমুদ মামদানি তাঁর বিখ্যাত বইতে লিখেছিলেন, নাইন-ইলেভেনের পর পশ্চিমা রাজনীতি পুরো মুসলিম জনগোষ্ঠীকে দুটো কৃত্রিম ভাগে ভাগ করে ফেলেছিল। একটি হলো ‘ভালো মুসলিম’ এবং আরেকটি ‘খারাপ মুসলিম’। যে মুসলিম পশ্চিমা লাইফস্টাইল পুরোপুরি গ্রহণ করবে এবং কোনো প্রতিবাদ করবে না, সে ভালো। আর যে নিজের ধর্মীয় পরিচয় বা সংস্কৃতি প্রকাশ করবে, সে খারাপ।
আজ সেই অধ্যাপক মাহমুদ মামদানিরই সন্তান জোহরান মামদানি। তিনি যখন নিউ ইয়র্কের রাজনীতিতে দাঁড়িয়ে স্পষ্ট গলায় বলেন, “আমি মুসলিম, আমি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। আর সবচেয়ে বড় কথা হলো, এগুলোর কোনোটির জন্যই আমি কারো কাছে ক্ষমা চাইতে রাজি নই।” তখন সেই দৃশ্যটি নিছক কোনো রাজনৈতিক বক্তব্য থাকে না। তা হয়ে ওঠে আত্মমর্যাদাহীন পুরোনো সেই দিনগুলোর বিরুদ্ধে এক জোরালো ঘোষণা।
একই দৃশ্য দেখা যায় মিশিগানের তরুণ রাজনীতিক ড. আবদুল এল-সাঈদের বক্তব্যে। তিনি হাজারো আমেরিকানের সামনে দাঁড়িয়ে অনায়াসে স্লোগান তোলেন, আজ রাতে আমরা এই ‘ইনশাআল্লাহ’কে ‘আলহামদুলিল্লাহ’তে পরিণত করব। কিংবা ইলহান ওমর যখন প্রকাশ্যে ঘোষণা করেন, আমি একজন মুসলিম, আমি একজন অভিবাসী এবং আমি আফ্রিকা থেকে এসেছি। নিজেদের পরিচয় না লুকিয়ে এভাবে প্রকাশ্য মঞ্চে তুলে ধরার এই যে সাহস, এটিই হলো এক বড় রাজনৈতিক অগ্রগতি।
যাঁরা এখনও এই নেতাদের ব্যক্তিগত ধর্মাচরণ বা সেক্যুলার বিশ্বাস নিয়ে খুঁত ধরছেন, তাঁদের আমাদের উপমহাদেশের ইতিহাসের দিকে তাকানো উচিত।
মুহাম্মদ আলি জিন্নাহর কথাই ধরা যাক। ব্যক্তিজীবনে তিনি কিন্তু প্রথাগত অর্থে ধার্মিক ছিলেন না। তিনি পশ্চিমা স্যুট পরতেন, ইংরেজিতে কথা বলতেন এবং ব্যক্তিগত জীবনে সেক্যুলার লাইফস্টাইলে অভ্যস্ত ছিলেন। কিন্তু সেই জিন্নাহ ঠিকই বুঝতে পেরেছিলেন যে, ব্রিটিশ-পরবর্তী ভারতে মুসলমানদের অধিকার ও রাজনৈতিক মর্যাদা রক্ষা করতে হলে একটি আলাদা ভূখণ্ড দরকার। ব্যক্তি জিন্নাহর হাজারটা সমালোচনা থাকতে পারে, কিন্তু ইতিহাস বলে তিনি এই অঞ্চলের মুসলমানদের রাজনৈতিক আত্মপরিচয়ের বড় একটি স্তম্ভ তৈরি করেছিলেন। সেখানে তাঁর ব্যক্তিগত জীবনাচরণ কিন্তু রাজনৈতিক লড়াইয়ে বাধা হয়ে দাঁড়ায়নি।
আমেরিকার জোহরান মামদানি কিংবা আবদুল এল-সাঈদদের রাজনীতিকেও ঠিক এই দৃষ্টি দিয়ে দেখতে হবে। তাঁরা তো মসজিদে ইমামতি করার জন্য নির্বাচনে নামেননি। তাঁরা লড়াই করছেন এমন এক করপোরেট আমেরিকার ভেতরে, যেখানে অভিবাসী ও মুসলিমরা সবচেয়ে বেশি অবহেলিত।
নিউ ইয়র্কের রাজনীতিতে দাঁড়িয়ে জোহরান মামদানি যখন সাধারণ মানুষের জন্য ফ্রি বাস সার্ভিস কিংবা আকাশছোঁয়া বাড়িভাড়া কমানোর দাবি তোলেন, অথবা আবদুল এল-সাঈদ যখন সাধারণ মানুষের চিকিৎসার দেনা মওকুফ করানোর জন্য নীতিনির্ধারকদের ওপর চাপ দেন, তখন তাঁরা প্রকারান্তরে ইনসাফ ও সামাজিক ন্যায়ের কথাই বলেন। এর জন্য তাঁদের আলাদা ধর্মীয় পোশাক পরার প্রয়োজন পড়ে না।
পশ্চিমা ডানপন্থী মিডিয়া দীর্ঘদিন ধরে প্রচার করেছে যে মুসলিম মানেই পিছিয়ে পড়া ও আধুনিকতাবিরোধী এক জনগোষ্ঠী। কিন্তু মামদানি বা এল-সাঈদের মতো অত্যন্ত মেধাবী ও শিক্ষিত তরুণরা যখন নিজেদের মুসলিম পরিচয়ও ধরে রাখেন এবং একই সঙ্গে আধুনিক প্রগতিশীল রাজনীতির নেতৃত্ব দেন, তখন ইসলামোফোবিক প্রচারণাকারীদের আসল যুক্তি দুর্বল হয়ে পড়ে।
আমেরিকার রাজনীতিতে দুজন বা চারজন মুসলিম বিজয়ী হলেই যে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি রাতারাতি বদলে যাবে, বিষয়টি এত সরল নয়। রাজনৈতিক বাস্তবতায় তেমনটি প্রত্যাশা করাও ভুল।
তবে এর একটি বড় সামাজিক প্রভাব রয়েছে। আমেরিকার কোনো স্কুলে পড়তে যাওয়া এক মুসলিম কিশোর যখন টিভিতে দেখে তাঁরই মতো নামের কোনো এক তরুণ ক্যাপিটল হিলে দাঁড়িয়ে নিজের অধিকারের কথা বলছেন, তখন সেই কিশোরের মন থেকে জন্মগত হীনম্মন্যতা কেটে যায়।
এঁরা কেউই কোনো ধর্মযোদ্ধা নন। এঁদের কেউই কোনো ভুলের ঊর্ধ্বে নন। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির ক্ষমতার আঙিনায় দাঁড়িয়ে যাঁরা কোনো লজ্জা বা সংকোচ ছাড়াই বলতে পারেন, “আমি মুসলিম এবং আমি কোনো কিছুর জন্যই অনুতপ্ত নই”, সেই তরুণদের আত্মবিশ্বাসকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। রাজনীতিতে নীরব দর্শক হয়ে থাকার চেয়ে ক্ষমতার কেন্দ্রে গিয়ে নিজের হিস্যা বুঝে নেওয়ার লড়াই শুরু করাটাই একুশ শতকের বুদ্ধিমানের কাজ।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট। বর্তমানে যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটিতে পলিটিক্যাল কমিউনিকেশনে পিএইচডি গবেষক।







