তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধস ভয়াবহ হড়পা বানের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিবেশী দেশ নেপাল। প্রকৃতির এই মারাত্মক প্রলয়লীলায় অন্তত ৪৬৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
রাসুয়া জেলার বিস্তীর্ণ এলাকা জলবিদ্যুৎ প্রকল্প, সেতু, বহু ঘরবাড়ি ও যানবাহন মুহূর্তের মধ্যে ভেসে গেছে। এই চরম দুর্যোগে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা।
কাঠমান্ডুতে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে নেপালের সাবেক প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনি অভিনেত্রী মনীষা কৈরালা বলেন, 'নিজের জন্মভূমির এ বিপর্যয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। তিনি বলেন, এমন ভয়াবহ বান আমি আগে কখনো দেখিনি। মানুষ হিসেবে মানুষের এই সীমাহীন কষ্ট দেখা সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক।'
মনীষা কৈরালা বলেন, 'এর আগেও শক্তিশালী ভূমিকম্পে নেপালের সব কিছু তছনছ হয়ে গিয়েছিল।'
প্রার্থনার পাশাপাশি এখন সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান অভিনেত্রী।
এ ভয়াবহ বন্যা ও হড়পা বানে মৃতের সংখ্যা প্রায় ৪৬৯ ছাড়িয়েছে। এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ১৪টি হেলিকপ্টার ও সেনাবাহিনী, এপিএফ ও পুলিশের একাধিক দল রাসুয়া এবং আশপাশের ক্ষতিগ্রস্ত এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে। তিব্বতের দিক থেকে আসা পানির ধাক্কায় ভোটকোশী নদী হঠাৎ দুই কূল ছাপিয়ে প্রবাহিত হওয়ায় এ ধ্বংসলীলা ঘটেছে।







