- বরিশালে সড়ক নির্মাণকাজে বাধা দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে এক বিএনপি নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা সম্ভব হয়েছে।
- গত রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে এয়ারপোর্ট থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরবর্তীতে সোমবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
- গ্রেপ্তারকৃতরা হলেন—বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা (৪৫), তাঁর ছেলে মো. মুবিন মোল্লা (২২) এবং তাঁদের সহযোগী মো. সাকিব হাওলাদার (৩৫)।
- ভুক্তভোগী রুস্তম হাওলাদার জানান, শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠী সড়কে নির্মাণকাজ চলছিল। এ সময় বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় অভিযুক্তরা কাজ বন্ধ করে দেন এবং তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন।
- তিনি চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার ছেলেকে মারধর করা হয়। একপর্যায়ে প্রায় এক লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যান অভিযুক্তরা। এ ঘটনায় রোববার চারজনের নাম উল্লেখ করে এয়ারপোর্ট থানায় মামলা করেন রুস্তম হাওলাদার।
- তবে অভিযোগ অস্বীকার করে মাহবুব মোল্লা দাবি করেন, ওই সড়কের নির্মাণকাজে তিনি অংশীদার ছিলেন। ঠিকাদার রুস্তম হাওলাদারের কাছে তার দুই লাখ টাকা পাওনা রয়েছে। পাওনা টাকা না দেওয়ায় তিনি মোটরসাইকেলটি নিয়ে রেখেছিলেন।
- এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মামলার পর প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







