জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন। পদত্যাগের ঘোষণা দিয়ে দেওয়া দীর্ঘ বিবৃতির পাশাপাশি দলের অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপেও তিনি একটি বার্তা দিয়েছেন। সেখানে আরবিতে পবিত্র কোরআনের সুরা কাফিরুনের শেষ আয়াত ‘লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন’ লিখেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশটে দেখা গেছে। এর অর্থ, ‘তোমাদের জন্য তোমাদের ধর্ম, আর আমার জন্য আমার ধর্ম।’
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে দীর্ঘ বিবৃতি দিয়ে পদত্যাগের ঘোষণা দেন সামান্তা শারমিন। একই সঙ্গে দল ছাড়ার কারণ এবং এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়ে নিজের আপত্তিগুলো তুলে ধরেন। এর আগে দলের অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি ওই বার্তা দেন বলে স্ক্রিনশটের সঙ্গে দাবি করা হয়েছে। তবে ছড়িয়ে পড়া স্ক্রিনশটটির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এর মাধ্যমে সামান্থা কি বুঝাতে চেয়েছেন তাও জানা সম্ভব হয়নি।
জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সামান্তা শারমিন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২৩ অক্টোবর দলটির ঘোষিত নতুন কমিটিতে তাঁকে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়। আগের পদ থেকে তাঁকে নিচের পদে রাখা হয় বলে দলীয় কাঠামোয় তাঁর পদাবনতি ঘটে।
পদত্যাগের কারণ জানিয়ে সামান্তা শারমিন বলেন, “আজ থেকে প্রায় এক বছর আগে আমি জাতীয় নাগরিক পার্টির জোট গঠনের প্রশ্নে একটা আলাদা অবস্থান নিয়েছিলাম। আমি বলেছিলাম জামায়াত ইসলামী নীতিগত বা কৌশলগত কোন ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য না এবং তাদের সাথে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে।”
তিনি বলেন, “গত ১১ মাস যাবত আমার রাজনৈতিক বোঝাপড়া অনুযায়ী এনসিপির অতীত কর্মকান্ড বিশ্লেষণ ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে যখনই সুযোগ পেয়েছি তখনই দলের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব প্রদান এবং তর্ক- বিতর্ক বা আলাপ- আলোচনা করেছি।”
দলের রাজনৈতিক অবস্থান নিয়ে হতাশা জানিয়ে সামান্তা শারমিন বলেন, “আজ প্রায় এক বছরের এই সংগ্রামের ইতি ঘোষণা করলাম কারণ এনসিপির পক্ষে তার দলের প্রারম্ভের মূল্যবোধের প্রতি আর আন্তরিক হওয়া সম্ভব বলে মনে করি না।”







