সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) দলীয়করণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তার দাবি, পিএসসির চেয়ারম্যানের পর অদৃশ্য চাপের মুখে কমিশনের দুই সদস্যও পদত্যাগ করেছেন। এর মাধ্যমে লাখো শিক্ষিত বেকারের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে সাদিক কায়েম বলেন, “এবার পিএসসির দিকে শকুনের নজর বিএনপি সরকারের। চেয়ারম্যানের পর অদৃশ্য চাপে পদত্যাগ করেছেন দুই সদস্য। লক্ষ্য পিএসসিকে দলীয়করণ করে লক্ষ লক্ষ শিক্ষিত বেকারের ভবিষ্যৎ ধ্বংস করা। প্রশ্নফাঁস, ভেরিফিকেশনের নামে মেধাবীদের ছাঁটাই, দলীয় নিয়োগ, একের পর এক ষড়যন্ত্র চলছেই! তারেক রহমানের সরকারকে বলব, ছাত্রসমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবেন না। আগুন ছড়ালে পতনের কাউন্টডাউন কিন্তু থামবে না।”
বক্তব্যের শেষাংশে সাদিক কায়েম লেখেন, ‘দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।’







