বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে সরকারের উন্নয়ন বরাদ্দ না দেওয়া এবং কাজ বন্ধ করার যে বক্তব্য চিফ হুইপ নূরুল ইসলাম মনি দিয়েছেন তাকে হুমকি বলে আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামী।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের আজ শনিবার এক বিবৃতিতে বলেছেন, ১৫ অক্টোবর বামনা আসমাতুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে বিএনপির কর্মীসভায় জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, দলীয় প্রার্থী নির্বাচনে জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে তিনি উন্নয়নকাজ করবেন না। তার এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন। সংসদের সদস্যে শপথের সঙ্গে সাংঘর্ষিক।
জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, চিফ হুইপ তার বক্তব্যে বলেছেন, ‘দলীয় প্রার্থী জয়ী না হলে আপনাদের আলমারিতে দাঁড়িয়ে থাকতে হবে। অন্য কেউ জয়ী হলে আমার কাছে আসতে পারবেন না। আমি কোনো কাজ দেব না। ওই ইউনিয়নের কপাল পুড়বে। দল যাকে মনোনয়ন দেবে, তিনি জয়ী না হলে ওই ইউনিয়নে কোনো কাজ হবে না।’
এর প্রতিবাদ করে এহসানুল মাহবুব বলেছেন, এমন বক্তব্য স্থানীয় সরকার ব্যবস্থায় চরম হস্তক্ষেপের হুমকি। স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন এবং জনগণের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগে ভীতি সঞ্চারের নগ্ন প্রয়াস।







