কক্সবাজারের একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নাফিজ তেহামীসহ তাঁর পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়ার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
শনিবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
নাফিজ তেহামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, কক্সবাজার ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে তিনি নাফিজ তেহামীসহ তাঁর পরিবারের ছয় সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার এ ঘটনায় শোকাহত।
পোস্টে সাদিক কায়েম আরও জানান, সর্বশেষ খবর অনুযায়ী, অগ্নিকাণ্ডে মোট ১০ জন পর্যটকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও কয়েকজন।
আহত ব্যক্তিদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি।







