বন্ধুত্ব চাইলে গঙ্গা, তিস্তাসহ সব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম
বুধবার (৭ অক্টোবর) শহিদ আবরার ফাহাদের ৭ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নগরীর পলাশী মোড়ে আগ্রাসনবিরোধী আট স্তম্ভের পাদদেশে আলোচনা সভা করেছে আবরার ফাহাদ স্মৃতি সংসদ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন এমপি এতে উপস্থিত ছিলেন
আলোচনা সভায় বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, “ভারতের সঙ্গে কোনো ধরনের বৈরিতা বা শত্রুতা আমাদের প্রত্যাশা নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের স্বার্থ সুরক্ষা হচ্ছে কিনা। আমাদের সঙ্গে ভারতের অভিন্ন অনেকগুলো নদী রয়েছে। আন্তর্জাতিক নদী আইন অনুসারেও এই নদীর ন্যায্য হিস্যা বাংলাদেশ গত ৫০ বছরেও পায়নি। ভারত ফারাক্কা ব্যারেজ নির্মাণ করে গঙ্গার পানি নিজে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের জনগণকে শোষণ করার একটি হাতিয়ার হচ্ছে এই ফারাক্কা ব্যারেজ।”
নাহিদ ইসলাম বলেন, “এ বছর ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আবরার ফাহাদ যেটা চেয়েছিল, সেটা বাস্তবায়ন করার সময় এখন এসেছে। ভারত যে ৫ আগস্টের পর থেকে বলে আসছে, বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক চায়, বাংলাদেশকে তারা প্রতিবেশী হিসেবে দেখতে চায়—সেটা প্রমাণ করতে হবে। ভারত-বাংলাদেশ এই নতুন গঙ্গা পানি বণ্টন চুক্তি আবার কীভাবে হচ্ছে, সেটাই দেখার বিষয়। আমাদের আজকের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, এটা শুধু নবায়ন করলেই হবে না, এই পানি বণ্টন চুক্তি নতুন করে স্বাক্ষরিত করতে হবে। বন্ধুত্ব চাইলে গঙ্গা, তিস্তাসহ সব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে”
শহিদ আবরার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “আবরার ফাহাদ আমাদের কাছে জাতীয় মর্যাদা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। আবরার ফাহাদ জাতীয় স্বার্থের পক্ষে ছিলেন, বাংলাদেশ যেন নদীর পানির ন্যায্য হিস্যা পায় সেজন্য লেখালেখি করেছিলেন। আমরা যে দাস নই, এটা আবরার ফাহাদ দেখিয়েছিলেন।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ যে ভারতের এক্সটেনশন, আওয়ামী লীগ যে এখানে ভারতের কারণে ক্ষমতায় ছিল—এটা স্পষ্ট হয়েছিল আবরার হত্যার মধ্য দিয়ে। কারণ আবরার হাসিনা কিংবা ছাত্রলীগের বিরুদ্ধে কিছু লেখেনি, লিখেছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। এজন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়।”
আবরার ফাহাদের বিচারের রায় কার্যকর না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন নাহিদ ইসলাম। আলোচনায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ আবরার ফাহাদ স্মৃতি সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







