রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলেরই ৭০০টি অটোরিকশা রয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় মেট্রোরেলের পিলারে জুলাইয়ের গ্রাফিতি আঁকার কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ অভিযোগ করেন।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, “বাংলাদেশের একজন মানুষও অটোরিকশার পক্ষে আন্দোলন করবে না। কিন্তু একটি বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল বলেন, অটোরিকশা চলাচলের দাবি সরকারের মেনে নেওয়া উচিত। এটা হাস্যকর। পরে খোঁজ নিয়ে জানা যায়, তাঁরই ৭০০টি অটোরিকশা রয়েছে।”
ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকার প্রতিটি এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে। দোকানের সামনে কিংবা ফুটপাতে যাতে কেউ অবৈধভাবে বসতে না পারেন, সে বিষয়ে ব্যবসায়ীদের কড়া নজর রাখতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। নগরবাসী যা চাইবেন না, সিটি করপোরেশন কখনোই তা করবে না।”
এ সময় একটি বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে মিল্টন বলেন, দলটি ফুটপাতের হকারদের ডেকে নানা ধরনের উসকানিমূলক পরামর্শ দিচ্ছে। জনস্বার্থের বিরুদ্ধে কেউ নতুন করে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হলে নগরবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে তারা প্রস্তুত রয়েছেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।







