যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের চালু থাকা প্রথম ইউনিট ও তৃতীয় ইউনিট বন্ধ হয়ে গেছে। ফলে এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। প্রসঙ্গত, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট ও ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইউনিট রয়েছে। এই কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ২নং ইউনিটটি দীর্ঘ ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে। কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিট ও ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট থেকেই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। তবে এখন এই দুটি ইউনিটও বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে কোন বিদ্যুৎ যুক্ত হচ্ছে না।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে ওই ইউনিটটি বন্ধ করে দেয়া হয়। এরপর মঙ্গলবার সকাল ৫টা ৫ মিনিটের দিকে কেন্দ্রের তৃতীয় ইউনিটটিতেও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে ওই ইউনিটটিও বন্ধ করে দেয়া হয়। বর্তমানে এই কেন্দ্রের সব ইউনিট বন্ধ থাকায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে।
তিনি আরও জানান, খুব দ্রুতই মেরামত কার্যক্রম শেষে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন শুরু করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়।







