বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়নের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সবার সঙ্গে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে চায় সরকার, যা বিতর্কের ঊর্ধ্বে থাকবে।
আজ মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠকে তিনি এসব কথা বলেন।
তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় গঠিত হবে, কারা এতে থাকবেন এবং কোন পদ্ধতিতে সরকার গঠিত হবে—এমন প্রশ্নের জবাবে কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ বলেন, এসব বিষয় সংসদে আলোচনার মাধ্যমেই নির্ধারণ করা হবে।
তিনি বলেন, আমরা বিল আনবো। এখন মতামত চাচ্ছি। সমাজের সব শ্রেণিপেশার মানুষের কাছে বক্তব্য আহ্বান জানাচ্ছি। আপনারা প্রস্তাব দেন। সামনে আমরা আইনজীবী, বিচারক, সংবিধান বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদদের সঙ্গে কথা বলবো। তাদের কাছেও মতামত চাইবো।
বৈঠকে কমিটির সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, কমিটির সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হক এবং সাকিলা ফারজানা অংশ নেন।
বৈঠকে জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের প্রতিনিধিরাও অংশ নেন। তাদের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, জুলাইযোদ্ধাদের সুরক্ষা এবং অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচারের দাবি জানানো হয়।







