সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একই অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখার আরও দুই নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া মো. সেলিম রেজাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম শফিকুল ইসলাম ও ছাত্রনেতা রাসেল খন্দকারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তাঁদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ওই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
তবে নোটিশ ও বহিষ্কারাদেশে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়নি।







