ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসন না হওয়া পর্যন্ত সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে স্বপদে পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক লুৎফর রহমানকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।
তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোষণ থেকে মুক্তির লক্ষ্যেই এই নতুন বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি। আমাদের শুরু থেকেই দাবি ছিল- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় বহির্ভূত হতে হবে। তার ব্যত্যয় ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপককে নিয়োগের সিদ্ধান্তকে আমরা কোনোভাবেই মেনে নেব না।’
বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, ‘২০২১-২০২২ থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাইগ্রেশন প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন উপাচার্য নিয়োগকে তারা ওই মাইগ্রেশন প্রক্রিয়া শতভাগ সফল না করার একটি ষড়যন্ত্র হিসেবে দেখছেন। বিশ্ববিদ্যালয় সংকট নিরসন না হওয়া পর্যন্ত আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম স্যারকে স্বপদে পুনর্বহাল চাই।’
দাবি পূরণ না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘অন্যথায়, ঢাকার রাজপথ দখল করে আমাদের অধিকার আদায় করা হবে।’
এর আগে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। পরে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।