ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. ইব্রাহিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের এক শোকবার্তায় জানানো হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং দুই যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।
এক বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে বলা হয়, শিক্ষা ও গবেষণায় এই অধ্যাপকের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।







