বগুড়ায় শহীদ আব্দুল মালেক -এর কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। এ সময় তিনি শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী সাংগঠনিক সফরের অংশ হিসেবে সকালে বগুড়ায় পৌঁছান জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সফরের শুরুতেই তিনি শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
পরে তিনি ‘শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্স’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে ডা. শফিকুর রহমান তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি শহীদ আব্দুল মালেকের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শহীদ পরিবারের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বগুড়া অঞ্চল পরিচালক এটিএম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







