ইয়েমেনের সরু বাব আল-মান্দাব প্রণালির কৌশলগত গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইরানপন্থি হুতি যোদ্ধারা। তেল রপ্তানির গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর হুতিদের নিয়ন্ত্রণ বাড়ায় সৌদি আরবের জন্য নতুন করে কৌশলগত চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইয়েমেনের পশ্চিম উপকূলে দ্রুত অগ্রসর হয়ে হুতিরা পেরিম দ্বীপ দখল করে। জাতিসংঘ-সমর্থিত এডেনভিত্তিক ইয়েমেন সরকারের মিত্র বাহিনী দ্বীপটি ছেড়ে যাওয়ার পর হুতিরা এর নিয়ন্ত্রণ নেয়। সাম্প্রতিক দিনগুলোতে পশ্চিম উপকূলে হুতিদের একের পর এক অগ্রগতির মধ্যে এটি সর্বশেষ ঘটনা। এর আগে বৃহস্পতিবার সরকারি বাহিনী বন্দরনগরী মোকার নিয়ন্ত্রণ হারায়।
এর পরিপ্রেক্ষিতে ইয়েমেনের সরকারি সরকারকে সমর্থন ও অর্থায়ন করা সৌদি আরব শুক্রবার মোকায় হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
পেরিম দ্বীপটি মায়ুন নামেও পরিচিত। এটি বাব আল-মান্দাব প্রণালির সবচেয়ে সরু অংশের কাছাকাছি অবস্থান করে এবং জলপথটিকে দুই ভাগে বিভক্ত করেছে। এই প্রণালি লোহিত সাগর ও সুয়েজ খালের মাধ্যমে এশিয়াকে ইউরোপের সঙ্গে যুক্ত করেছে।
ইয়েমেনের সংঘাতে সৌদি আরবের সাবেক মিত্র সংযুক্ত আরব আমিরাতও হুতিবিরোধী জোটের অংশ ছিল। দেশটি পেরিম দ্বীপে একটি বিমানঘাঁটি নির্মাণ করছিল। তবে চলতি বছরের জানুয়ারিতে সংঘাতে সক্রিয় অংশগ্রহণ বন্ধ করার পর সংযুক্ত আরব আমিরাত ওই কার্যক্রমও বন্ধ করে দেয়।
ইরান হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসায় সৌদি আরব অপরিশোধিত তেল রপ্তানির জন্য লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালির ওপর ক্রমেই বেশি নির্ভর করছে। বিশ্বের প্রায় ১২ শতাংশ পণ্য সাধারণত এই প্রণালির মধ্য দিয়ে পরিবহন করা হয়।







