চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে দীর্ঘদিনের ডিপ ফ্রিজ সংকট নিরসনে উদ্যোগ নিয়েছেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব। তাঁর উদ্যোগে হলগুলোতে ডিপ ফ্রিজ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, ছাত্রী হলগুলোতে ডিপ ফ্রিজের সংকট দীর্ঘদিনের। আমাদের বোনেরা দীর্ঘ সময় ধরে এ সমস্যার কারণে ভোগান্তির শিকার হয়ে আসছেন। অনেকেই প্রয়োজনীয় খাবার সংরক্ষণ করতে পারেন না, ফলে খাবার নষ্ট হওয়া কিংবা সংরক্ষণের সুযোগ না থাকায় তাদের অতিরিক্ত কষ্ট করতে হয়।
তিনি বলেন, ‘চাকসুর জিএস হিসেবে আমার জন্য আপ্যায়ন, চা-নাস্তা, যাতায়াতসহ আনুষঙ্গিক খাতে ২ লাখ ৫০ হাজার টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু এই বাজেটের এক পয়সাও আমি ব্যক্তিগতভাবে খরচ করিনি এবং বাজেটের কোনো অর্থও উত্তোলন করিনি।
দায়িত্বের শেষ সময়ে এসে মনে হলো, এই অর্থ শিক্ষার্থীদের এমন একটি প্রয়োজন পূরণে ব্যয় করা উচিত, যার প্রয়োজন দীর্ঘদিনের। বিশেষ করে আমাদের ছাত্রী হলগুলোতে ডিপ ফ্রিজের সংকট দীর্ঘদিনের একটি সমস্যা।’
সাঈদ বিন হাবিব আরও বলেন, অনেক শিক্ষার্থী বাড়ি থেকে খাবার নিয়ে আসেন, আবার কেউ কেউ নিজেরা রান্না করে খান। কিন্তু খাবার সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রয়োজনীয় খাবার সংরক্ষণ করতে না পারায় অনেক সময় তা নষ্ট হয়ে যায়, যা শিক্ষার্থীদের জন্য কষ্টকর।







