লক্ষ্মীপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা শহরের দক্ষিণ স্টেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান ও লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।
ছাত্রশিবিরের লক্ষ্মীপুর জেলা সভাপতি আরমান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক জেলা সভাপতিবৃন্দসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা বলেন, “ছাত্রশিবির শুধুমাত্র নিজস্ব নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে আপামর সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। এজন্য একটি কার্যালয়ের প্রয়োজন। আজ একটি কার্যালয়ের উদ্বোধন হয়েছে। আশা করি, এখানে পর্যাপ্ত পরিমাণে সাহিত্য থাকবে, যাতে শিক্ষার্থীরা এখানে এসে জ্ঞানের ভান্ডার খুঁজে পায়।”
জেলা জামায়াতের আমীর বলেন, নতুন কার্যালয়টি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সংগঠনের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।







