ক্রমেই চাপে পড়ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ওয়েলসের পর এবার ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও (এফএ) তার পুনর্নির্বাচনের প্রতি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র। তাদের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর প্রার্থিতাকে আর সমর্থন করবে না ইংল্যান্ড।
সম্প্রতি ফিফার টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক অধিকার পরিচালনার জন্য নতুন একটি প্রতিষ্ঠান গড়ে তার ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। প্রায় ৪.২ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য নিয়ে নেওয়া সেই উদ্যোগ বিশ্ব ফুটবলের বিভিন্ন মহাদেশীয় সংস্থা ও সদস্য দেশগুলোর তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায়। এরপর থেকেই তার নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ধরন নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।
এর আগে প্রথম দেশ হিসেবে প্রকাশ্যে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেয় ওয়েলস। এক বিবৃতিতে ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলস (এফএডব্লিউ) জানায়, সুশাসনের ঘাটতি, দুর্বল নেতৃত্ব, অংশীজনদের সঙ্গে কার্যকর যোগাযোগে ব্যর্থতা এবং ফুটবলের সর্বোচ্চ স্বার্থ রক্ষায় অক্ষমতার কারণে তারা ইনফান্তিনোর ওপর আস্থা হারিয়েছে।
২০১৬ সালে সেপ ব্ল্যাটারের উত্তরসূরি হিসেবে ফিফার দায়িত্ব নেওয়ার পর ২০১৯ ও ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন ইনফান্তিনো। ইতোমধ্যে তিনি ২০২৭-২০৩১ মেয়াদের জন্যও প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে সাম্প্রতিক বিতর্কের পর সেই পথ আর আগের মতো সহজ থাকছে না।
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকার কনফেডারেশন কনকাকাফ এবং আরও কয়েকটি ফুটবল সংস্থা ইতোমধ্যেই ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছে। এমন পরিস্থিতিতে ২০২৭ সালে মরক্কোয় অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে তার পুনর্নির্বাচনের লড়াই আগের যেকোনো সময়ের তুলনায় কঠিন হয়ে উঠতে পারে।







