রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব জিসান আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও নৈতিক অবক্ষয়ের অভিযোগ তুলে যুগ্ম-আহ্বায়ক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিন নেতা। কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিক অনিয়মের প্রমাণ দেওয়ার পরও কোনো প্রশাসনিক বা সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
পদত্যাগের ঘোষণা দেওয়া তিন যুগ্ম-আহ্বায়ক হলেন, মোহাম্মদ ইউনুছ, বাদশা সুলেমান এবং নকিবুল আবছার শাওন।
জানা যায়, পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেও তারা সরাসরি দাপ্তরিকভাবে পদত্যাগপত্র জমা দেননি। তবে কেন্দ্রীয় ছাত্রদলকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবগত করে নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে পদত্যাগের এই ঘোষণা দেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নেতারা তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।
যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ইউনুছ তাঁর পোস্টে লেখেন, "রাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব জিসান আহমেদের অনিয়মের প্রমাণ থাকার পরও কেন্দ্র থেকে ব্যবস্থা না পেয়ে আমি মোহাম্মদ ইউনুছ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমরণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে বেঁচে থাকবো।"
একই সুরে আক্ষেপ প্রকাশ করে আরেক যুগ্ম-আহ্বায়ক বাদশা সুলেমান উল্লেখ করেন, সদস্য সচিবের অনিয়মের কোনো বিচার না পাওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ আঁকড়ে রাজনীতির মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যদিকে, সংগঠনের ভেতরে নৈতিক অবক্ষয়ের বিষয়ে তীব্র সমালোচনা করেন যুগ্ম-আহ্বায়ক নকিবুল আবছার শাওন। তিনি তাঁর পোস্টে লেখেন, "ইউনিটের নেতাদের পদস্খলন, নৈতিক অবক্ষয় এবং দুর্নীতির অভিযোগ থাকার পরও কোনো পদক্ষেপ না নেওয়া সংগঠনের প্রতি আমার বিশ্বাস নষ্ট করছে। আমি কোনো প্রকার অন্যায়ের সাথে কোনোকালে আপস করিনি... মোরাল গ্রাউন্ড থেকে ইউনিট থেকে ইস্তফা দিলাম।" তিনি আরও জানান, এখন থেকে তিনি ছাত্রদলের ইউনিটে না থাকলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র একজন সক্রিয় অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করে যাবেন।
পরপর তিন শীর্ষ নেতার এমন পদত্যাগের ঘোষণায় রাবিপ্রবি শাখা ছাত্রদলের ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।







