মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃহস্পতিবার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এদিন আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার অতিক্রম করেছে।
স্থানীয় সময় বিকেল ৪টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় প্রতি ব্যারেল ১০০.১৭ ডলার, যা আগের দিনের ৯৪.০৭ ডলার থেকে প্রায় ৬.৫ শতাংশ বেশি। খবর আনাদোলু এজেন্সির।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট-এর দাম বেড়ে প্রতি ব্যারেল ৯১.৫৪ ডলারে পৌঁছায়। আগের সেশনে এর দাম ছিল ৮৬.৮০ ডলার, অর্থাৎ একদিনে প্রায় ৫.৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে সম্ভাব্য হামলার শঙ্কায় বিশ্ববাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এরই প্রভাবে অপরিশোধিত তেলের দাম দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে।







