দেশব্যাপী চলমান বন্যা পরিস্থিতি এবং দুর্যোগকবলিত অঞ্চলের শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের চলমান যৌক্তিক আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে সংগঠনটি দেশের সব ইউনিটকে পরীক্ষার্থীদের শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচিতে পাশে থাকার নির্দেশ দিয়েছে।
সোমবার (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসিক অবস্থা এবং সমান সুযোগ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। বন্যাকবলিত এলাকার অনেক শিক্ষার্থী যাতায়াত সংকট, শিক্ষা উপকরণ নষ্ট হওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ার মতো সমস্যার মুখোমুখি। এমন পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের শামিল বলে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারা দেশের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সংগঠনটি সমর্থন জানাচ্ছে। পাশাপাশি মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, থানা ও ইউনিট কমিটির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় পরীক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে নৈতিক সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তবে কোনো ধরনের সহিংসতা, ভাঙচুর, জনদুর্ভোগ সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যও নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, দেশের সার্বিক বন্যা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সমান সুযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এইচএসসি ও সমমানের পরীক্ষাসহ সংশ্লিষ্ট পরীক্ষাগুলো স্থগিত করে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি ঘোষণা করা উচিত। একই সঙ্গে শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সার্চ কমিটির সদস্য লোকমান হোসেন শিমুলের স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।







