মাগুরার শালিখা উপজেলা কৃষি কর্মকর্তাকে হুমকি দেয়ার অভিযোগে শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়নকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ জারি করা হয়। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল বহন করবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় যুবদল।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে শুক্রবার (১০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি অডিও কল রেকর্ড ছড়িয়ে পড়ে। সেখানে শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়ন পরিচয়ে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আপনার অসুস্থতা আমি সারিয়ে দেব। আপনি আমার অনেক ক্ষতি করেছেন। আপনি অফিসে আসেন, কাল দেখে নেব। ভালো করে ঝুলিয়ে পেটাবো। অভিযোগ ওঠে, কথাগুলো শালিখা উপজেলা কৃষি কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে।
তবে এ বিষয়ে শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল হাসনাত দাবি করেছেন, ভাইরাল হওয়া কল রেকর্ডটি তার সঙ্গে হওয়া কোনো কথোপকথন নয়। তিনি আরও বলেন, ঘটনাটি আমিও ফেসবুকে দেখেছি। কিন্তু ওই কল রেকর্ড আমার নয়। আপনারা চাইলে আমার কণ্ঠের সঙ্গে মিলিয়ে দেখতে পারেন। আমার সঙ্গে এ ধরনের কোনো কথোপকথন হয়নি। কোনো সংবাদ প্রকাশের আগে আমার সঙ্গে যোগাযোগ করে সত্যতা যাচাইও করা হয়নি।







