২০২৬ ফিফা বিশ্বকাপের ‘আই’ গ্রুপের চূড়ান্ত লড়াইয়ে দাপুটে জয় তুলে নিয়েছে ফ্রান্স। উসমান দেম্বেলের রূপকথার মতো হ্যাটট্রিকে নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে নাম লিখিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।
বস্টন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নরওয়ের রক্ষণভাগকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন উসমান দেম্বেলে। মাত্র ৩২ মিনিটে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের কীর্তি গড়েন পিএসজির এই ফরোয়ার্ড।
বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকটি অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রবস্টের দখলে। ১৯৫৪ বিশ্বকাপে সাবেক চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে ২৪ মিনিটে হ্যাটট্রিক করেন তিনি। ১৯৮৬ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড কিংবদন্তি গ্যারি লিনেকারের ৩৫ মিনিটের মধ্যে করা হ্যাটট্রিককে পেছনে ফেলে দুইয়ে উঠে এলেন দেম্বেলে।
নরওয়ের হয়ে ২১ মিনিটে থেলো অসগার্ড একটি গোল শোধ করলেও ৫০ মিনিটে ইয়র্গেন স্ট্রান্ড লারসেনের পেনাল্টি মিস তাদের ম্যাচে ফেরার আশা শেষ করে দেয়। ম্যাচের যোগ করা সময়ে দেজিরে দুয়ের গোল ফ্রান্সের ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করে।
নকআউট নিশ্চিত হলেও শেষ ৩২ দলের রাউন্ডে ফ্রান্সের প্রতিপক্ষ কোন দল, তা এখনো নিশ্চিত হয়নি। গত আসরের রানার্সআপদের সম্ভাব্য প্রতিপক্ষ ‘সি’, ‘ডি’, ‘এফ’, ‘জি’, ও ‘এইচ’ গ্রুপের মধ্যে তৃতীয় সেরা কোনো দল। সেটা সুইডেন হওয়ার সম্ভাবনাই বেশি। আর গ্রুপ রানার্স আপ হওয়ায় নরওয়ে এখন নকআউটে মুখোমুখি হবে ‘ই’ গ্রুপের রানার্স আপ আইভরিকোস্টের।







