ফুটবল বিশ্বকাপে ব্রাজিল হাইতের সঙ্গে জিতলে মাথা ন্যাড়া করার ঘোষণা দিয়েছিলেন পটুয়াখালী শহরের কাজীপাড়া এলাকার কাজী রাফি নামে আর্জেন্টিনা ফুটবল দলের এক সমর্থক। শনিবার (২০ জুন) ব্রাজিল হাইতির বিপক্ষে তিন-শূন্য গোলের জয়ের পর ফেসবুক লাইভে দেয়া ঘোষণা অনুযায়ী প্রকাশ্যে মাথা ন্যাড়া করেছেন তিনি।
স্থানীয়রা জানায়, ব্রাজিলের জয় নিশ্চিত হওয়ার পর শনিবার শহরের বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় যান। পরে তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে শহরের ঝাউবন এলাকায় আসেন। সেখানে ব্রাজিল সমর্থকদের উপস্থিতিতে প্রকাশ্যে তার মাথা ন্যাড়া করা হয়।
এ সময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেন।
কাজী রাফি জানান, তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করেন। সেই ধারাবাহিকতায় মজার ছলে দেয়া একটি চ্যালেঞ্জ বাস্তবে পরিণত করেছেন। নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে পেরে তিনি আনন্দিত বলেও জানান।







