বর্তমানে ইরান আগের যে কোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী, প্রস্তুত এবং প্রতিরোধক্ষম অবস্থানে রয়েছে। দেশটির ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) এমন ঘোষণা দিয়ে শত্রুদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বাহিনীটি জানিয়েছে, শত্রুপক্ষের সব ধরনের গতিবিধির ওপর তাদের পূর্ণ গোয়েন্দা নজরদারি রয়েছে এবং যে কোনো হুমকি বা আগ্রাসনের জবাবে তারা দ্রুত, কঠোর ও অনুতাপজনক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এ মন্তব্য করে। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, ‘অপারেশন ট্রু প্রমিজ–৩’ এবং ইরানের ভাষায় ‘দ্বিতীয় আরোপিত যুদ্ধ’-এর বার্ষিকী উপলক্ষে বিবৃতিটি প্রকাশ করা হয়।
আইআরজিসি জানায়, ১৯৮০-এর দশকের যুদ্ধকালীন অভিজ্ঞতা এবং সাম্প্রতিক সংঘাত থেকে অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে দেশটি বর্তমানে আরও সুসংগঠিত প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলেছে। বিবৃতিতে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ আগের যে কোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী, আরও প্রস্তুত এবং আরও কার্যকর প্রতিরোধক্ষম অবস্থানে রয়েছে। শত্রুর যে কোনো ভুল হিসাব বা আগ্রাসনের বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ও কঠোর জবাব দিতে প্রস্তুত।
বিবৃতিতে আরও দাবি করা হয়, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত হিসাব ভুল প্রমাণিত হয়েছে এবং ইরানের সামরিক অভিযানের ফলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে পরিবর্তন এসেছে।
এদিকে, আইআরজিসি দাবি করেছে, সাম্প্রতিক সময়ে তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা পরিচালনা করেছে। এছাড়া, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে হরমুজ প্রণালিতে নৌ চলাচল সীমিত করার কথাও উল্লেখ করা হয়েছে।







