মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি পৌঁছেছে। এ কারণে তিনি টানা তৃতীয় দিনের মতো ইরানের বিরুদ্ধে পরিকল্পিত নতুন হামলা বাতিল করেছেন।
ট্রাম্প জানান, চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে। এর আগে তিনি ইরানকে ‘কঠোরভাবে’ আঘাত করার হুঁশিয়ারি দিয়েছিলেন এবং দেশটির গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপসহ তেল স্থাপনার নিয়ন্ত্রণ নেওয়ার কথাও বলেছিলেন।
তবে তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সমঝোতা স্মারক এখনো ইরানের শীর্ষ নেতৃত্বের বিবেচনায় রয়েছে। চুক্তি হতে পারে, তবে কবে হবে তা এখনো নিশ্চিত নয়।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা বাহরাইন, কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণাও দিয়েছে তারা।
অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত ৩ হাজার ৭১১ জন নিহত এবং ১১ হাজার ৪৮৩ জন আহত হয়েছেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানও অব্যাহত রয়েছে।







