ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী একটি জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। দেশটির সরকার বলেছে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা ‘অগ্রহণযোগ্য’।
এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওমান কর্তৃপক্ষের উদ্ধার অভিযানের পর জাহাজে থাকা সব ভারতীয় নাবিক নিরাপদ রয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ‘ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজে গতকালের হামলা অগ্রহণযোগ্য। বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ধারাবাহিকভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
হরমুজ প্রণালির আশপাশে সামুদ্রিক বাণিজ্য ও নৌ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে—এমন হামলা থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছে ভারত। দেশটি বলেছে, ‘বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা, নিরীহ বেসামরিক নাবিকদের ঝুঁকিতে ফেলা কিংবা নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা থেকে বিরত থাকা উচিত।’
সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, হামলার শিকার কার্গো জাহাজটির নাম এমএসভি হাজ আলী। এতে ১৪ জন নাবিক ছিলেন। সংস্থাটির দাবি, বিস্ফোরণের পর ওমানের লিমাহ উপকূলের কাছে—হরমুজ প্রণালির দক্ষিণে—জাহাজটি ডুবে যায়।







