বেইজিংয়ে বর্তমানে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের ঘোষণা দিয়েছে ক্রেমলিন।
বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিনের বেইজিং সফরের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই তিনি দেশটিতে সফরে যাবেন।
পেসকভ সফরের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করলেও রুশ সংবাদমাধ্যমগুলোর ধারণা, আগামী সপ্তাহেই পুতিন বেইজিং পৌঁছাতে পারেন। পুতিন সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে চীন সফর করেছিলেন। তখন তিনি দেশটির একটি শীর্ষ সম্মেলন ও সামরিক কুচকাওয়াজে অংশ নেন।
এদিকে, গত এক দশকের মধ্যে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চীন সফরে গেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার সন্ধ্যায় বেইজিংয়ে অবতরণ করেন তিনি। বৃহস্পতিবার ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই নেতা ইরান সংকট, চলমান বাণিজ্য যুদ্ধ এবং তাইওয়ান ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত মার্চে এই সফর হওয়ার কথা থাকলেও ট্রাম্প তা পিছিয়ে দিয়েছিলেন। শুক্রবার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে চা-চক্র ও মধ্যাহ্নভোজ শেষ করে ট্রাম্পের ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। চীন ও যুক্তরাষ্ট্রের এই বৈঠককে দুই পরাশক্তির উত্তেজনা প্রশমনের বড়ো পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।







