বিএনপির পরিচয়ে চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক কারবারিদের দলে রাখা হবে না জানিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান।
আজ শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
আমানউল্লাহ আমান বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী বাংলাদেশকে মাদকমুক্ত করা হবে। দেশে কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও জমি দখল করতে পারবে না।
সমাবেশে উপস্থিত পুলিশ সদস্যদের লক্ষ্য করে তিনি বলেন, মাদক সেবনকারী ও বিক্রয়কারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
দলের নেতাকর্মীদের দেশের জনগণের সঙ্গে মিলেমিশে ভালো কাজ করার পরামর্শ দেন ঢাকা-২ আসনের এই সংসদ সদস্য। এ ছাড়া বিএনপির নেতাকর্মীদের মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমি দখলদারদের পক্ষে তদবির না করার নির্দেশনা দেন তিনি।







