হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত। এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি সহজভাবে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী তোফাজ্জল হোসেন কায়কোবাদ।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে হজের সার্বিক প্রস্তুতি বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, এ বছরের হজ বর্তমান দায়িত্বশীল সরকারের প্রথম হজ। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের হজ ব্যবস্থাপনাকে আরও সুষ্ঠু ও সুন্দর করতে হবে।
ধর্মমন্ত্রী বলেন, হজ যাত্রীরা আল্লাহর মেহমান। তাদেরকে নিজের পরিবারের সদস্যের মতো সেবা দিতে হবে। এ বছরের হজ ব্যবস্থাপনায় যে সকল দপ্তর ও সংস্থা ভালো সেবা দেবে তাদের পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।
এছাড়াও হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট দপ্তরসমূহ তাদের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন এবং সুষ্ঠু ও সাবলীল হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি দেন।
এ সময় ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।







