রাজনৈতিক প্রশ্নে সংবিধানের দোহাই দিয়ে, অজুহাত দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না। এই সংবিধানের কাঁঠাল জপতে জপতে ওবায়দুল কাদেররা আজ কলকাতার আইসিইউতে রাত কাটাচ্ছেন- বলে মন্তব্য করেছের আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সোমবার (৬ এপ্রিল) বিকাল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) আয়োজিত 'গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ' শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।
ফুয়াদ বলেন, ‘যেই দলের একাংশের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকে সেই দলের নেতাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। যদি শিক্ষা না নেন তাহলে আপনাদেরকেও (বিএনপি) ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ১৭ বছরের জুলুম নির্যাতনের ইতিহাস এত তাড়াতাড়ি ভুলে গেলেন, আপনারা গোল্ড ফিসকেও হার মানিয়েছেন। আপনারা আত্মবিস্তৃত জাতি, আওয়ামী লীগদেরকে এটা ভুলতে ১৭ বছর সময় লেগেছিল। আপনার ১৭ দিনও সময় নেন নাই।’
তিনি আরও বলেন, ‘আপনাদের জন্য আমরাও লড়াই করেছি, সংগ্রাম করেছি, শহীদ জিয়ার স্বপ্নের রাজনীতি আমরা করছি। কিন্তু আপনাদের আচরণের মধ্যে বেগম জিয়াকে খুঁজে পাচ্ছি না। আপনাদের বিএনপির সংবিধান বিশেষজ্ঞদের আয়নায় আমরা জিয়াউর রহমানকে খুঁজে পাচ্ছি না। এই বিএনপি কোত্থেকে এসেছে। যারা বাংলাদেশপন্থি রাজনীতি করেছে আমরা তো সেই বিএনপিকে খুঁজে পেতে চাই।’
রাকসুর বিতর্ক সম্পাদক ইমরান লস্করের সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির, রাকসু'র সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার, কথাসাহিত্যিক নাজিব ওয়াদুদ-সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।







