গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে আন্দোলন কর্মসূচি বিষয়ে করণীয় ঠিক করতে শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় রাজধানী ঢাকার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠক শেষে দুপুর ১২টায় একইস্থানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
এর আগে গত ২ এপ্রিল বৈঠক করেছিলেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ওই বৈঠকের পর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল-
বৈঠকে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং অবিলন্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়। একই সঙ্গে বলা হয়, দাবি আদায় না হলে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।
সিদ্ধান্ত অনুযাযী গত শনিবার বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা ও তা পালন করা হয়। পাশাপাশি গণসংযোগ, লিফলেট বিতরণ এবং জনমত গঠনের বিভিন্ন কর্মসূচি নেওয়ার কথাও জানানো হয়।
এছাড়া আগামী ৭ এপ্রিল ১১ দলের শীর্ষ পর্যায়ের বৈঠকে আন্দোলনের রূপরেখা ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে সেদিন জানানো হয়। সে অনুযায়ী মঙ্গলবার বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।







