স্থানীয় সরকার নির্বাচনের জন্য নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, “আমাদের প্রথম লড়াই ছিল জাতীয় নির্বাচন। দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে। এই লড়াইয়ে একটি জায়গাও যেন খালি না থাকে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা জামায়াত আয়োজিত ‘শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, “যারা জাতীয় নির্বাচনে জীবনবাজি রেখে দলের পক্ষে কাজ করেছেন, সমাজের সেসব স্তর থেকে সৎ ও যোগ্য ব্যক্তিদের বের করে স্থানীয় সরকারের দায়িত্বে আনার চেষ্টা করা হবে। এ ক্ষেত্রে দলীয়ভাবে আরো সংযমী, বিবেচক ও ত্যাগী হতে হবে।”
তিনি বলেন, “এবারের নির্বাচনে দল প্রত্যাশিত ফল পায়নি। তবে, দলের ইতিহাসে এটাই সবচেয়ে বড় সাফল্য।”
এ সময় গত নির্বাচনে বিভিন্ন স্থানে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান। তিনি বলেন, “নির্বাচনে বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে, যা নিয়ে নানা মহল কথা বলতে শুরু করেছে।”







